সাংসদের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ
কিশোরগঞ্জ-২ (পাকুন্দিয়া-কটিয়াদী) আসনের সাংসদ মো. সোহরাব উদ্দিনের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘন করে জেলা পরিষদ নির্বাচনে প্রভাব খাটানোর অভিযোগ উঠেছে। তিনজন সদস্য প্রার্থী এ বিষয়ে জেলা রিটার্নিং কর্মকর্তার কাছে একটি লিখিত অভিযোগ করেছেন।
৩ নম্বর ওয়ার্ডের সদস্য প্রার্থী মো. কামরুজ্জামান আসাদ, মো. হাদিউল ইসলাম ও মো. আতাউর রহমান ২১ ডিসেম্বর এ অভিযোগ করেন। লিখিত অভিযোগে উল্লেখ করা হয়, নির্বাচনের সময় সোহরাব উদ্দিন এলাকায় অবস্থান করে ভোটারদের মধ্যে বিভিন্নভাবে প্রভাব বিস্তার করার চেষ্টা করছেন। ভোটারদের তাঁর বাড়িতে দাওয়াত খাওয়ানোর নামে একত্র করে একজন প্রার্থীর পক্ষে কাজ করার জন্য প্রভাবিত করছেন। এমনকি ভোটারদের নির্বাচনের দিন প্রকাশ্যে ভোট দেওয়ার জন্য বিভিন্নভাবে চাপ প্রয়োগ করছেন।
দুজন প্রার্থী অভিযোগ করেন, সোহরাব উদ্দিন ৩ নম্বর ওয়ার্ডের প্রার্থী পাকুন্দিয়া ডিগ্রি কলেজের সাবেক ভিপি (সহসভাপতি) ও জেলা যুব লীগের সদস্য ফরিদ উদ্দিনের পক্ষে প্রচারণা চালাচ্ছেন। গতকাল শনিবারও তিনি উপজেলার এগারসিন্দুর ও নারান্দি ইউনিয়নের ভোটারদের নিয়ে নিজ বাড়িতে নির্বাচনী সভা করেন। সাংসদ ভোটারদের টাকা দিচ্ছেন। নির্বাচনে তাঁর প্রার্থী জিতলে প্রত্যেক ভোটারকে বিনা মূল্যে সৌর বিদ্যুৎ দেওয়ারও ঘোষণা দিয়েছেন।
উপজেলার বুরুদিয়া ইউনিয়নের চেয়ারম্যান মো. নাজমুল হুদা বলেন, তিনি ও তাঁর ইউনিয়নের সদস্যরা একটি কাজের জন্য সাংসদের বাড়িতে দুই-তিন দিন আগে সভা করেছিলেন। তবে সেখানে জেলা পরিষদ নির্বাচন নিয়ে কোনো কথা হয়নি।
৩ নম্বর ওয়ার্ডের প্রার্থী ফরিদ উদ্দিন বলেন, জ্যেষ্ঠ নেতা হওয়ায় এলাকার সাংসদ, উপজেলা চেয়ারম্যান, ইউনিয়ন চেয়ারম্যানসহ অনেকে তাঁর পক্ষে আছেন।
এ বিষয়ে সাংসদ সোহরাব উদ্দিন গতকাল সন্ধ্যায় বলেন, তাঁর বাড়িতে আসতে কারও নিষেধ নেই। তিনি বাড়িতে এসেছেন এবং এখনো অন্য আরেক ওয়ার্ডে বিজয় দিবসের অনুষ্ঠান করছেন। তাঁর সঙ্গে পৌর মেয়র ও কাউন্সিলররা থাকলে কি তিনি কথা বলবেন না? তাঁর বাড়িতে ভোটারদের ডেকে এনে সভা করার বিষয়ে জিজ্ঞেস করলে তিনি বলেন, ‘আমি বাড়িতে ডেকে আনব কেন? আমি বাড়িতে এলে এমনিতেই শত শত লোক আসে। এগুলো ঠিক না।’
জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ মুঞ্জুরুল আলম বলেন, স্থানীয় সাংসদ নিজ বাড়িতে অবস্থান করতে পারবেন। কিন্তু নির্বাচনের প্রচারণায় অংশ নিলে সেটা নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করা হবে। তবু অভিযোগের বিষয়টি তাঁরা খতিয়ে দেখবেন।