সাংসদের বিরুদ্ধে কৌশলে প্রচার চালানোর অভিযোগ
ঝালকাঠি-১ (কাঁঠালিয়া-রাজাপুর) আসনের সরকারদলীয় সাংসদ বজলুল হক হারুনের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘন করে কৌশলে দলীয় প্রার্থীদের পক্ষে নির্বাচনী প্রচারণা চালানোর অভিযোগ করেছেন দুই চেয়ারম্যান প্রার্থী।
ওই চেয়ারম্যান প্রার্থীদের অভিযোগ, বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে গতকাল বৃহস্পতিবার দুপুরে ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলার পাটিখালঘাটা ইউনিয়নের মরিচবুনিয়া বাজারে ও আমুয়া শহীদ রাজা ডিগ্রি কলেজ মাঠে আয়োজিত পৃথক দুটি সমাবেশে প্রধান অতিথির বক্তৃতা দেন সাংসদ। এই দুটি সমাবেশেই দল-মনোনীত দুই চেয়ারম্যান প্রার্থী বক্তৃতা দিয়েছেন। সাংসদ তাঁর বক্তব্যে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে দলীয় নেতা-কর্মীদের নৌকার পক্ষে কাজ করার আহ্বান জানান।
অভিযোগের বিষয়ে সাংসদ বজলুল হক হারুন গতকাল রাতে মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে আমি দুটি নয় চার-পাঁচটি সমাবেশে বক্তৃতা দিয়েছি আজ। সমস্ত সমাবেশে আমি বঙ্গবন্ধুর কথা বলেছি, নির্বাচন নিয়ে কোনো কথা বলিনি। কোনো প্রার্থীকে কথা বলার সুযোগ দিইনি। নির্বাচনে প্রভাব বিস্তার করার প্রশ্নই আসে না।’ দুজন প্রার্থীর অভিযোগের বিষয়ে তিনি বলেন, ‘যদি কৌশলে নৌকার কথা বলে থাকি, তবে সেটুকু বলার অধিকার আমার আছে। আমি প্রার্থীর পক্ষে সরাসরি কথা বলিনি, এসব অভিযোগ ভিত্তিহীন।’
সাংসদের এ ধরনের বক্তব্যে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন কাঁঠালিয়া উপজেলা বিএনপির সভাপতি ও আমুয়া ইউপিতে বিএনপি-সমর্থিত চেয়ারম্যান প্রার্থী আখতার হোসেন নিজাম মিরবহর ও পাটিখালঘাটা আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী সহিদুল ইসলাম। তাঁরা এই ঘটনাকে সাংসদের কৌশলে নির্বাচনী প্রচারণা চালানোর অংশ বলে মনে করেন।
সহিদুল ইসলাম অভিযোগ করেন, ‘সাংসদের এই সমাবেশে যোগদানের বিষয়টি জানার পর আমরা সকল প্রার্থী মিলে নির্বাচন কমিশন ও স্থানীয় প্রশাসনের কাছে লিখত অভিযোগ দিয়েছি। কিন্তু কোনো প্রতিকার পাইনি। গতকাল সাংসদ ঠিকই সমাবেশ করেছেন এবং নৌকার পক্ষে ভোট চেয়েছেন। প্রতিদিন আমার ও আমার কর্মীদের ওপর অন্যায়-অত্যাচার অব্যাহত আছে। সমাবেশে সাংসদের এই বক্তব্যের পর জানি না শেষ পর্যন্ত নির্বাচনী মাঠে থাকতে পারব কি না।’
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৭তম জন্মবার্ষিকী উপলক্ষে গতকাল কাঁঠালিয়া উপজেলার পাটিখালঘাটা ইউনিয়নের মরিচবুনিয়া বাজারে এবং আমুয়া ইউনিয়নের শহীদ রাজা ডিগ্রি কলেজ মাঠে পৃথক দুটি সমাবেশের আয়োজন করা হয়। পাটিখালঘাটা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নুরুল ইসলাম ও আমুয়া শহীদ রাজা ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. আবুল বাশার বাদশা সমাবেশে সভাপতিত্ব করেন। সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাঁঠালিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান মো. ফারুক সিকদার ও উপজেলা ভাইস চেয়ারম্যান এমাদুল হক মনির।