সাংসদের বিরুদ্ধে গুলি ছুড়ে ভয় দেখানোর অভিযোগ ভাঙ্গা আ.লীগের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভাঙ্গার (ফরিদপুর-৪) স্বতন্ত্র সাংসদ মুজিবুর রহমান ওরফে নিক্সন চৌধুরীর বিরুদ্ধে গুলি ছুড়ে ভয় দেখানোর অভিযোগ পাওয়া গেছে। উপজেলা আওয়ামী লীগ আজ বুধবার এক সংবাদ সম্মেলন করে এ অভিযোগ করে। 

তবে সাংসদ নিক্সন চৌধুরী অভিযোগকে ‘মিথ্যা’ হিসেবে আখ্যায়িত করে তা প্রত্যাখ্যান করেন।
আজ বিকেল চারটার দিকে ভাঙ্গা জ্যেষ্ঠ সহকারী জজ আদালতের আইনজীবী সমিতিতে ‘মজিবুর রহমান চৌধুরী (নিক্সন) এমপি এর সন্ত্রাসী কার্যকলাপের বিরুদ্ধে’ এ সংবাদ সম্মেলনের আয়োজন করে উপজেলা আওয়ামী লীগ।
সংবাদ সম্মেলনে উপজেলা আওয়ামী লীগের সভাপতি কাজী হেদায়েতুল্লাহ সাকলায়েন ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফায়জুর রহমান স্বাক্ষরিত লিখিত বক্তব্য পড়েন উপজেলা আওয়ামী লীগের সভাপতি।
লিখিত বক্তব্যে বলা হয়, উপজেলার চান্দ্রা ইউনিয়নের দীঘলকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আজ ৮ ফেব্রুয়ারি ইউনিয়ন যুবলীগ এক কর্মী সমাবেশ আহ্বান করে। এ সমাবেশ উপলক্ষে গত মঙ্গলবার ওই মাঠে মঞ্চ নির্মাণের জন্য বাঁশ পোঁতা হয়। গত মঙ্গলবার বেলা ১১টার দিকে সাংসদ ও উপজেলা পরিষদ চেয়ারম্যান আকস্মিকভাবে ওই মাঠে হাজির হন এবং পলাশ মোল্লা, লিটু মেম্বার, করিম মোল্লা, সাগর মোল্লাসহ ১০/১২ জনের সহায়তায় মঞ্চ নির্মাণের জন্য পোঁতা বাঁশ ভেঙে ও তুলে ফেলেন। এরপর বিকেল আবার সাংসদ ও উপজেলা পরিষদের চেয়ারম্যান ওই মাঠে এসে যুবলীগের কর্মী সমাবেশ বানচালের জন্য জনমনে ভীতি সৃষ্টি করতে ছয় থেকে সাতটি গুলি ছোড়েন। রাত আটটা পর্যন্ত সাংসদ ওই মাঠে অবস্থান করে পাশের শিবচর থেকে নিয়ে আসা সন্ত্রাসী বাহিনী দিয়ে তাণ্ডব চালান।
সংবাদ সম্মেলনে বলা হয়, এ ব্যাপারে গতকাল বুধবার ভাঙ্গা থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।
এ অভিযোগ নাকচ করে দিয়ে সাংসদ নিক্সন চৌধুরী বলেন, ‘আজ নির্ধারিত জনসভার প্রস্তুতি নিতে মঙ্গলবার সেখানে গিয়েছিলাম। সেখানে ইউনিয়ন যুবলীগ সভা আহ্বান করায় উত্তেজনা তৈরি হয়। পরে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের সঙ্গে কথা বললে তাঁদের অনুরোধে এক দিন পিছিয়ে দিয়ে আগামীকাল বৃহস্পতিবার জনসভার তারিখ দিই।’ সাংসদ নিক্সন চৌধুরী বলেন, ‘আমার সভা বানচাল করতেই এ কর্মসূচি দেওয়া হয়েছিল। সেখানে গোলাগুলির কোনো ঘটনা ঘটেনি। এদিকে ইউনিয়ন যুবলীগের কোনো সভাও হয়নি। তাই মুখরক্ষার জন্যই আমার বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে।’
ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আবদুল্লাহ বলেন, সাংসদ গুলি করেছেন মর্মে ভাঙ্গা থানায় একটি সাধারণ ডায়েরি করেছে আওয়ামী লীগ। অভিযোগটি তদন্ত করে দেখা হচ্ছে। তিনি বলেন, ওই স্কুল মাঠে সাংসদই আগে কর্মসূচি দিয়েছিলেন।