ফরিদপুরে ভাঙ্গা উপজেলায় সাংসদ মুজিবুর রহমান ওরফে নিক্সন চৌধুরী গুলি ছুড়ে ভয় দেখিয়েছেন বলে অভিযোগ করেছেন উপজেলা আওয়ামী লীগের নেতারা। গতকাল বুধবার সংবাদ সম্মেলন করে তাঁরা এ অভিযোগ করেন। এ ঘটনায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি কাজী হেদায়েতুল্লাহ সাকলায়েন গতকাল ভাঙ্গা থানায় জিডি করেছেন।
অভিযোগ অস্বীকার করে ফরিদপুর-৪ আসনের সাংসদ নিক্সন চৌধুরী বলেছেন, জনগণকে বিভ্রান্ত করতে গুলি ছোড়ার অভিযোগ আনা হয়েছে, যার কোনো ভিত্তি নেই।
ভাঙ্গা জ্যেষ্ঠ সহকারী জজ আদালতেরআইনজীবী সমিতির কার্যালয়ে গতকাল বিকেল চারটার দিকে সংবাদ সম্মেলনের আয়োজন করা জয়। সম্মেলনে উপজেলা আওয়ামী লীগের সভাপতি কাজী হেদায়েতুল্লাহ সাকলায়েন ও সাধারণ সম্পাদক ফায়জুর রহমান স্বাক্ষরিত লিখিত বক্তব্য পাঠ করা হয়। এতে বলা হয়, উপজেলার চান্দ্রা ইউনিয়নের দিঘলকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বুধবার ইউনিয়ন যুবলীগ কর্মী সমাবেশ আহ্বান করে। এ উপলক্ষে মঙ্গলবার ওই মাঠে মঞ্চ নির্মাণের জন্য বাঁশ পোঁতা হয়। ওই দিন বেলা ১১টার দিকে সাংসদ এবং উপজেলা পরিষদ চেয়ারম্যান হঠাৎ ওই মাঠে হাজির হন এবং ১০ থেকে ১২ জনের সহায়তায় বাঁশ তুলে ফেলেন। বিকেলে আবার সাংসদ, উপজেলা পরিষদ চেয়ারম্যান মাঠে গিয়ে যুবলীগের কর্মী সমাবেশ বানচালের জন্য ছয়-সাতটি গুলি ছোড়েন। তাঁরা রাত আটটা পর্যন্ত ওই মাঠে অবস্থান করেন এবং সন্ত্রাসী বাহিনী দিয়ে তাণ্ডব চালান।
এসব অভিযোগ অস্বীকার করে নিক্সন চৌধুরী বলেন, ‘আমি আগে ওই মাঠে জনসভা ডেকেছিলাম। আমার জনসভা পণ্ড করার জন্য ইউনিয়ন যুবলীগ একই সময়ে কর্মিসভা ডাকে। জনসভার প্রস্তুতি দেখতে গত মঙ্গলবার ওই মাঠে যাই। এ সময় সেখানে উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয়। বিষয়টি নিয়ে প্রশাসনের সঙ্গে কথা বলি। তাদের অনুরোধে আমার জনসভা এক দিন পিছিয়ে দিই। কিন্তু যুবলীগ কর্মী সমাবেশ করেনি। এখন জনগণকে বিভ্রান্ত করতে সংবাদ সম্মেলন করে আমার বিরুদ্ধে গুলি করার অভিযোগ এনেছে।’
সাংসদের সমর্থক উপজেলা পরিষদের চেয়ারম্যান সাহাদাত হোসেন বলেন, দুই পক্ষের সঙ্গে আলোচনা করতে সাংসদ ওই মাঠে গিয়েছিলেন। আলোচনা করে নির্ধারিত কর্মসূচি পিছিয়ে দেন। গুলি করার কোনো ঘটনাই ঘটেনি। এটা সম্পূর্ণ মিথ্যাচার। ভাঙ্গা থানার ওসি সৈয়দ আবদুল্লাহ বলেন, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। ইউএনওর দায়িত্বে থাকা সহকারী কমিশনার (ভূমি) প্রণব কুমার ঘোষ বলেন, দুই পক্ষের সভা নিয়ে মঙ্গলবার বিকেলে ওই বিদ্যালয়ের মাঠে উত্তেজনার সৃষ্টি হয়েছিল। তবে গোলাগুলির অভিযোগটি নিতান্তই একটি গুজব।