সাংসদের বিরুদ্ধে নিজ ভাইয়ের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পিরোজপুরের সাংসদ এ কে এম এ আউয়ালের বিরুদ্ধে প্রভাব খাটিয়ে ফেরিঘাট ও সেতুর টোল আদায়ের ইজারা স্ত্রীর প্রতিষ্ঠানকে পাইয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। অভিযোগ করেছেন সাংসদের নিজ ভাইসহ দুই ঠিকাদারি প্রতিষ্ঠানের দুই স্বত্বাধিকারী।

অধিক দর দেওয়ার প্রস্তাব দিয়ে ইজারা পাওয়ার আবেদনকারী ওই দুজন বলছেন, সাংসদের স্ত্রীর দুই প্রতিষ্ঠানকে ওই কাজ দেওয়ায় সরকার ৬০ লাখ টাকা কম রাজস্ব পাবে।

জানতে চাইলে সাংসদ এ কে এম এ আউয়াল গতকাল বুধবার রাতে মুঠোফোনে প্রথম আলোকে বলেন, প্রভাব খাটালে আগেই তিনি ইজারা নিতে পারতেন, ছয়বার দরপত্রের জন্য অপেক্ষা করতে হতো না। যথাযথ নিয়ম মেনেই তাঁর স্ত্রীর প্রতিষ্ঠান ইজারা পেয়েছে বলে দাবি করেন তিনি।

গত মঙ্গলবার পিরোজপুর-১ আসনের ওই সাংসদের স্ত্রী লায়লা পারভীনের প্রতিষ্ঠান মেসার্স বুশরা এন্টারপ্রাইজ বেকুটিয়া ফেরিঘাট ও মেসার্স সুভাষ এন্টারপ্রাইজ বলেশ্বর সেতুর টোল আদায়ের ইজারাদার হিসেবে নিয়োগের অনুমোদন পায়।

সওজ সূত্রে জানা গেছে, ২০১৬-১৭ অর্থবছরের জন্য পিরোজপুর সওজের অধীন নওয়াপাড়া-বাগেরহাট-পিরোজপুর সড়কে বলেশ্বর সেতুর ওপর দিয়ে যানবাহন চলাচলে টোল আদায়ের জন্য ছয়বার দরপত্র আহ্বান করা হয়। গত ফেব্রুয়ারি থেকে এই দরপত্র আহ্বান শুরু হয়। দরপত্রে মেসার্স রাজ অ্যান্ড ব্রাদার্স, মেসার্স আজমীর এন্টারপ্রাইজ নামের দুটি প্রতিষ্ঠান ছাড়াও সাংসদের স্ত্রীর প্রতিষ্ঠান সুভাষ এন্টারপ্রাইজ অংশ নেয়। প্রতিবার দু-একটির বেশি প্রতিষ্ঠান অংশ না নেওয়ায় কর্তৃপক্ষ সেসব দরপত্র গ্রহণ করেনি। তবে ষষ্ঠবার শুধু সাংসদের স্ত্রীর প্রতিষ্ঠান অংশ নিলেও সেটি গ্রহণ করা হয়।

আবার সওজের অধীন রাজাপুর-নৈকাঠী-বেকুটিয়া-পিরোজপুর সড়কের বেকুটিয়া ফেরিঘাটের টোল আদায়ে ফেব্রুয়ারি থেকে চারবার দরপত্র আহ্বান করা হয়। এবারও একই অভিযোগ ওঠে। চতুর্থবার মেসার্স বুশরা এন্টারপ্রাইজ অংশ নিলে দরপত্র গ্রহণ করা হয়।

এ অবস্থায় গত ১৪ জুন ২০১৫-১৬ অর্থবছরে টোল আদায়ের ইজারাপ্রাপ্ত প্রতিষ্ঠান মেসার্স রাজ অ্যান্ড ব্রাদার্সের মালিক হাবিবুর রহমান (সাংসদের ভাই) সওজ পিরোজপুরের নির্বাহী প্রকৌশলী মো. ফজলে রাব্বির কাছে বলেশ্বর সেতুর টোল আদায়ে আগেরবারের চেয়ে ৫০ শতাংশ দর বাড়িয়ে প্রায় ১ কোটি ৫৯ লাখ টাকা দেওয়ার প্রস্তাব দেন। সে অনুযায়ী ইজারা পেতে আবেদন ও পুনরায় দরপত্র আহ্বানের লিখিত আবেদন করেন। একই দিন বেকুটিয়া ফেরিঘাটের ২০১৫-১৬ অর্থবছরের টোল আদায়ের ইজারাপ্রাপ্ত প্রতিষ্ঠান মেসার্স আজমীর এন্টারপ্রাইজের মালিক আজমীর হোসেন গতবারের চেয়ে ৩০ শতাংশ দর বাড়িয়ে ৬৯ লাখ ৯৮ হাজার টাকা দেওয়ার প্রস্তাব দিয়ে ইজারা পাওয়ার ও পুনরায় দরপত্র আহ্বানের লিখিত আবেদন করেন।

জুনে বিষয়টি নিষ্পত্তিতে হাবিবুর ও আজমীর হাইকোর্টে রিট করলে সওজ বরিশালের তত্ত্বাবধায়ক প্রকৌশলী পুনরায় দরপত্র আহ্বানের সুপারিশ করেন। সওজ ঢাকার প্যানেল আইনজীবী জহিরুল ইসলামও একই সুপারিশ করেন। কিন্তু নতুন করে দরপত্র আহ্বান না করে গত মঙ্গলবার সওজ ঢাকার প্রধান কার্যালয়ের তত্ত্বাবধায়ক প্রকৌশলী সাইফুল আলম স্বাক্ষরিত এক চিঠিতে সাংসদের স্ত্রীর প্রতিষ্ঠান দুটিকে ইজারা দেওয়ার অনুমোদন দেওয়া হয়েছে।

হাবিবুর রহমান অভিযোগ করেন, তাঁর বড় ভাই সাংসদ সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়-সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য হওয়ায় প্রভাব খাটিয়ে নিজ স্ত্রীর মালিকানাধীন প্রতিষ্ঠান দুটিকে ইজারা পাইয়ে দিতে সওজকে চাপ দিয়েছেন।

তবে সওজ পিরোজপুরের নির্বাহী প্রকৌশলী বলেন, নিয়মনীতি মেনে যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে সব করা হয়েছে।