সাংসদের বিরুদ্ধে নির্বাচনী আচরণ ভাঙার অভিযোগ
নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় স্থানীয় সংসদ সদস্য তানভীর ইমাম সভা–সমাবেশ করছেন বলে অভিযোগপত্র দিয়েছেন কয়ড়া ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী খোরশেদ আলম। আজ সোমবার নির্বাচন কমিশন ও জেলা প্রশাসকের কাছে তিনি এ অভিযোগপত্র দাখিল করেন।
অভিযোগ পত্রে উল্লেখ করা হয়, ‘স্থানীয় সংসদ সদস্য তানভীর ইমাম নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে গতকাল রোববার দুপুরে সলপ ইউনিয়নের সোনতলায় নৌকা প্রতীকের সব প্রার্থীকে নিয়ে গোপনে সভা করেছেন। সভায় স্থানীয় পুলিশ প্রশাসনসহ আওয়ামী লীগের নেতা–কর্মীরা উপস্থিত ছিলেন। সভায় সংসদ সদস্যের দেওয়া নির্দেশনা মোতাবেক নৌকা প্রতীকের প্রার্থীর কর্মী–সমর্থকেরা আমার কর্মী–সমর্থকদের ভয়ভীতি প্রদর্শনসহ নানাভাবে হয়রানি করছেন। এ ছাড়া গতকাল রাতে পুলিশ আমার কর্মীদের বাড়িতে গিয়ে তল্লাশি চালিয়েছে। যে কারণে আমিসহ আমার কর্মী–সমর্থকেরা নিরাপত্তাহীনতায় ভুগছি। তাঁরা জোরপূর্বক ভোট ছিনিয়ে নেবে বলে ভোটারদের মধ্যে প্রচারণা চালাচ্ছে।’
এ বিষয়ে উল্লাপাড়া উপজেলা নির্বাচন কর্মকর্তা মাসুদ রানা বলেন, অভিযোগগুলো যথাযথ কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সন্দীপ কুমার সরকার বলেন, নির্বাচনের পূর্বমুহূর্তে এ ধরনের অভিযোগ নতুন কিছু নয়। অভিযোগপত্রগুলো সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষই এ বিষয়ে সিদ্ধান্ত নেবেন।
এ বিষয়ে সংসদ সদস্য তানভীর ইমাম জানান, ‘নির্বাচন নিয়ে কোনো প্রকার সভা–সমাবেশ করার প্রশ্নই ওঠে না। জরুরি কাজের জন্য গ্রামের বাড়িতে এসেছি। কোনো নেতা-কর্মীকে ডাকা বা আমন্ত্রণ করাও হয়নি। অযথা মিথ্যা প্রোপাগান্ডা চালানো হচ্ছে।’