ফেনী-৩ (সোনাগাজী-দাগনভূঞা) আসনের স্বতন্ত্র সাংসদ রহিম উল্যার বিরুদ্ধে সোনাগাজীর একটি মাছের খামারের মাছ লুটের অভিযোগ পাওয়া গেছে। এ নিয়ে ক্ষতিগ্রস্ত মাছ চাষি থানায় লিখিত অভিযোগ করেছেন। অভিযোগে বলা হয়, গত শুক্রবার রাতে সাংসদ ওই মাছের খামারের পুকুরে বেড় জাল দিয়ে প্রায় ১০ লাখ টাকার মাছ নিয়ে গেছেন। মাছ ধরার সময় বাধা দেওয়ায় ওই খামারের দুজন পাহারাদারকে তিনি মারধরও করেন। তবে এই অভিযোগ অস্বীকার করেছেন সাংসদ।
গতকাল শনিবার বিকেলে সোনাগাজী থানায় এ ঘটনায় লিখিত অভিযোগ দায়ের করেন উপজেলার আমিরাবাদ ইউনিয়নের চর সোনাপুর গ্রামের মাছের খামারের ইজারাদার মো. মহি উদ্দিন। অভিযোগে বলা হয়, গত শুক্রবার রাত দুইটার দিকে সাংসদ তাঁর লোকজন নিয়ে চৌধুরী ফিশারিজের পুকুরে জাল দিয়ে বিভিন্ন ধরনের প্রায় ২০০ মণ মাছ ধরে নিয়ে গেছেন। এ সময় সাংসদকে বাধা দেওয়ার চেষ্টা করা হলে তিনি শেখ ফরিদ ও আক্তার হোসেন নামে দুজন কর্মচারীকে মারধর করেন। আহতদের সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে চিকিৎসা দেওয়া হয়েছে।
সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হুমায়ুন কবির বলেন, মুহুরী প্রকল্প এলাকায় চৌধুরী ফিশারিজ থেকে মাছ লুটের অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপারে লিখিত অভিযোগ দায়ের হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হবে বলে জানান তিনি।
ইজারাদার মো. মহি উদ্দিন বলেন, সোনাগাজীর চর সোনাপুর গ্রামের মুহুরী প্রকল্প এলাকায় কয়েক বছর যাবৎ তিনিসহ অপর দুই ব্যক্তি মোশাররফ হোসেন ও শেখ ফরিদ পাঁচটি পুকুর ইজারা নিয়ে মাছ চাষ করছেন। চৌধুরী ফিশারিজ নামের এই মাছের খামারে সাড়ে ১২ একরজুড়ে ৫টি পুকুর আছে। এর মধ্যে সাড়ে ৩ একরের ১টি পুকুরের মাছ সম্পূর্ণ লুট হয়। বাকি ৪টি পুকুরে জাল ফেলা হলেও মাছ নেওয়া হয়নি।
মহি উদ্দিন বলেন, ঘটনাটি শোনার পর তিনি সাংসদ রহিম উল্যার কাছে মুঠোফোনে বিষয়টি জানতে চান। সাংসদ তাঁকে বলেন, তাঁর (সাংসদ) খামার থেকে চৌধুরী ফিশারিজের খামারে মাছ চলে যাওয়ায় তিনি জাল দিয়ে মাছ ধরে নিয়ে গেছেন।
সাংসদ রহিম উল্যা মাছ লুট ও পাহারাদারদের মারধরের অভিযোগ অস্বীকার করেন। তিনি প্রথম আলোকে বলেন, পুকুরে জাল ফেলে তিনি ওই খামারে কী ধরনের মাছ আছে তা যাচাই করে দেখেছেন। তাঁর মাছের খামারের পাড় ভেঙে চৌধুরী ফিশারিজের খামারে মাছ চলে গেছে বলে দাবি করেন তিনি।
রহিম উল্যা বলেন, চৌধুরী ফিশারিজের ইজারাদারকে পাড় নির্মাণ না করে মাছ ধরতে নিষেধ করেছিলেন। কিন্তু তাঁরা তা শোনেননি। এখন তিনি তাঁদের বিরুদ্ধে থানায় মামলা করবেন।