সাংসদের বিরুদ্ধে মাজার দখলের অভিযোগ
বরগুনা-২ (বামনা-বেতাগী-পাথরঘাটা) আসনের সরকারদলীয় সাংসদ শওকত হাচানুর রহমানের বিরুদ্ধে বেতাগী উপজেলার কাজিরাবাদ এলাকায় হজরত শাহ ওয়াজেদ আলীর দরবারের দুই দিনব্যাপী বার্ষিক ওরস অনুষ্ঠান বন্ধ করে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে।
একই সঙ্গে সাংসদের সমর্থকেরা দুই মাস আগে মাজারের সব স্থাপনা দখলে নিয়ে তালা ঝুলিয়ে দিয়েছেন বলেও মাজারসংশ্লিষ্ট ব্যক্তিরা অভিযোগ করেন। আজ শুক্রবার ও আগামীকাল শনিবার দুই দিন এই দরবারের ৩৩তম বার্ষিক ওরস অনুষ্ঠানের তারিখ নির্ধারিত ছিল।
মাজারের খাদেম বেলাল নূরী গতকাল বৃহস্পতিবার অভিযোগ করেন, সাংসদ শওকত হাচানুর রহমান বেআইনিভাবে প্রায় দুই মাস আগে কাজিরাবাদ গ্রামের ওয়াজেদ আলী শাহ দরবারটি তাঁর লোকজন দিয়ে দখল করান। এরপর মাজারের খানকাঘর, ডাকবাংলো, কার্যালয়, মাজারগৃহসহ সব স্থাপনায় তালা লাগিয়ে দেন। এরপর সাংসদ ঘোষণা দেন, এখানে আর কোনো দিন ওরস হবে না। তিনি বলেন, ৩২ বছর ধরে এই অঞ্চলের আধ্যাত্মিক পুরুষ মরহুম ওয়াজেদ আলী শাহর দরবারে দুই দিনব্যাপী বার্ষিক ওরস অনুষ্ঠান হয়ে আসছে। এতে দেশের বিভিন্ন অঞ্চল থেকে হাজার হাজার ভক্ত-মুরিদ এখানে সমবেত হন।
খাদেম বেলাল নূরী বলেন, ‘এবারও আমরা দরবারের পক্ষ থেকে বার্ষিক ওরসের জন্য বেতাগী থানার পুলিশের কাছে আবেদন করি। কিন্তু পুলিশ আমাদের অনুমতি দেয়নি। এতে হাজার হাজার ভক্ত-মুরিদ ও এলাকার লোকজনের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।’ তিনি এ বিষয়ে প্রধানমন্ত্রী ও সংস্কৃতিমন্ত্রীর বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন বলেও জানান।
দরবারের প্রধান খাদেম ও অবসরপ্রাপ্ত যুগ্ম জেলা জজ সৈয়দ আবদুল্লাহ গতকাল প্রথম আলোকে বলেন, ‘একজন আধ্যাত্মিক সাধকের দরবার এবং ধর্মীয় অনুষ্ঠান নিয়ে সাংসদের এ ধরনের হীন কর্মকাণ্ডে আমরা ব্যথিত। মূলত সাংসদ নিজে তাবলিগ জামাত চর্চ্চাকারী হওয়ায় তিনি আউলিয়াগণের ওরস ও তরিকতের কাজ অপছন্দ করেন বলে এ ধরনের পদক্ষেপ নিয়েছেন। এটা সম্পূর্ণ অনৈতিক, আইনবিরোধী এবং ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার শামিল। রাষ্ট্রের একজন আইনপ্রণেতা হিসেবে তিনি এটা করতে পারেন না।’
কাজিরাবাদ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও বরগুনা জেলা আওয়ামী লীগের সহসভাপতি মোশারফ হোসেন বলেন, ‘এখানে মূলত মাজার পরিচালনা কমিটি নিয়ে বিরোধ চলছে। মাজার পরিচালনা কমিটির সভাপতি হিসেবে যাঁকে দায়িত্ব দেওয়া হয়েছে, তিনি গ্রহণযোগ্য ব্যক্তি নন। তিনি বিএনপি করেন। তাঁর বিরুদ্ধে অর্থ আত্মসাতেরও অভিযোগ আছে। তাই ইউনিয়ন আওয়ামী লীগ ও উপজেলা আওয়ামী লীগের নেতারা তাঁকে মানছেন না। এর পেছনে সাংসদও আছেন। আমরা এই বিরোধ মীমাংসার জন্য সম্প্রতি ঢাকায় বসেছিলাম। সেখানে সিদ্ধান্ত হয়েছে যে এই বিরোধ নিয়ে যে চারটি ফৌজদারি মামলা আছে সেগুলো তুলে ফেলা হবে।’ এ জন্য ওরস অনুষ্ঠান বন্ধ করা হলো কেন এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘যেহেতু কমিটি ঠিক নেই, তাই এটা হচ্ছে না। এ জন্য আমি ওই দিন মাজারে মিলাদ, দোয়া ও কোরআনখানির আয়োজন করেছি।’
ওরসের অনুমতি না দেওয়া প্রসঙ্গে জানতে চাইলে বেতাগী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুবর রহমান বলেন, ওই জমি নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধ আছে। এ জন্য ওরস আয়োজন করলে সেখানে সংঘর্ষ হতে পারে। এই আশঙ্কায় ওরসের অনুমতি দেওয়া হয়নি।
অভিযোগ প্রসঙ্গে জানতে চাইলে সাংসদ শওকত হাচানুর রহমান গতকাল দুপুরে তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে বলেন, ‘মাজারের জমি নিয়ে বিরোধ আছে। বিরোধ মীমাংসার জন্য মাজারের প্রধান খাদেম হিসেবে যিনি দায়িত্বে আছেন তিনি বসতে রাজি হননি। এতে আমার কোনো হাত নেই। আমি চাই এই মাজার সরকারিভাবে পরিচালিত হোক।’
তবে ওরস বন্ধ করার নির্দেশ দিলেন কেন এমন প্রশ্ন করলে তিনি বলেন, ‘আমি বন্ধ করিনি। দুই পক্ষের কেউই ওরস করতে রাজি হননি নিরাপত্তার কারণে। এ জন্য ওরস হচ্ছে না।’