সাংসদের বিরুদ্ধে মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মোস্তাফিজুর রহমান
মোস্তাফিজুর রহমান

চট্টগ্রামের বাঁশখালী উপজেলা নির্বাচন কর্মকর্তাকে মারধরের ঘটনায় সেখানকার সরকারদলীয় সাংসদ মোস্তাফিজুর রহমান চৌধুরীসহ তিনজনের বিরুদ্ধে মামলা হয়েছে। নির্বাচন কমিশন থেকে বিশেষ বাহকের মাধ্যমে মামলার এজাহারটি গত বৃহস্পতিবার রাত সাড়ে ১১টায় বাঁশখালী থানায় পাঠানো হয়। মামলার বাদী উপজেলা নির্বাচন কর্মকর্তা জাহিদুল ইসলাম।
বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর হোসেন গতকাল শুক্রবার বিকেলে মুঠোফোনে প্রথম আলোকে বলেন, সরকারি কর্মকর্তাকে মারধর, সরকারি কাজে বাধাদান, ভয়ভীতি প্রদর্শনসহ সুনির্দিষ্ট অভিযোগে দণ্ডবিধির পাঁচটি ধারায় সাংসদসহ তিনজনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। তিনি বলেন, এজাহারে উপজেলা নির্বাচন কর্মকর্তা জাহিদুল ইসলাম ঘটনার বিস্তারিত বর্ণনা দিয়েছেন। বিষয়টি তদন্ত করা হচ্ছে। এরপর আসামিদের গ্রেপ্তার করা হবে।
মামলার অন্য দুই আসামি হলেন সাংসদ মোস্তাফিজুর রহমান চৌধুরীর ব্যক্তিগত সহকারী তাজুল ইসলাম এবং উপজেলা ওলামা লীগের নেতা মাওলানা আখতার। তাঁদের মধ্যে তাজুল ইসলাম বাঁশখালীর বাহারছড়া ইউনিয়নের আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী।

বাঁশখালীর সাংসদের বিরুদ্ধে অভিযোগ, পছন্দমতো নির্বাচন কর্মকর্তা নিয়োগ না দেওয়ায় গত বুধবার বেলা সাড়ে ১১টার দিকে বাঁশখালী উপজেলা নির্বাচন কর্মকর্তা জাহিদুল ইসলামকে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে ডেকে নেন স্থানীয় সাংসদ মোস্তাফিজুর রহমান চৌধুরী। তখন ইউএনও তাঁর কার্যালয়ে ছিলেন না। পরে ওই কার্যালয়ের দরজা বন্ধ করে সাংসদ উপজেলা নির্বাচন কর্মকর্তাকে মারধর করেন। এ অভিযোগ ওঠার পর ওই দিন বিকেলে নির্বাচন কমিশনের (ইসি) বৈঠকে সাংসদের বিরুদ্ধে মামলা করার সিদ্ধান্ত হয়। একই সঙ্গে বাঁশখালীর সব কটি ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচন স্থগিত করে ইসি। আজ শনিবার সেখানে নির্বাচন হওয়ার কথা ছিল।

মামলার বাদী ও উপজেলা নির্বাচন কর্মকর্তা জাহিদুল ইসলাম গতকাল বিকেলে মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘আমার ওপর হামলা হয়েছে। সরকারি কাজে তাঁরা অন্যায়ভাবে বাধা দেওয়ার চেষ্টা করেছেন। এটা অপরাধ। আর এই অপরাধ যাঁরা করেছেন, তাঁদের আইন মোতাবেক শাস্তি চাই। আমি মনে করি, কেউ আইনের ঊর্ধ্বে নয়।’

তবে মামলার বিষয়ে গতকাল দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত বারবার যোগাযোগের চেষ্টা করেও সাংসদ মোস্তাফিজুর রহমান চৌধুরীর বক্তব্য পাওয়া যায়নি। একপর্যায়ে তাঁর মুঠোফোন বন্ধ পাওয়া যায়। একইভাবে বাহারছড়া ইউনিয়নের আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী তাজুল ইসলাম এবং ওলামা লীগের নেতা মাওলানা আখতারের মুঠোফোনও বন্ধ পাওয়া যায়। বাঁশখালী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল গফুরও মুঠোফোনে সাড়া দেননি।

মামলার বিষয়ে চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘বাঁশখালীর ঘটনায় আমাদের সাংসদসহ তিনজনের বিরুদ্ধে ফৌজদারি মামলা হয়েছে। বিষয়টি তদন্তাধীন বলে আমার বেশি কিছু বলা ঠিক হবে না। তবে গণমাধ্যমে এ ঘটনা ফলাও প্রচারিত হয়েছে। এতে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে। ভবিষ্যতে এসব থেকে আমাদের নেতাদের শিক্ষা নিতে হবে।’