সাংসদের বোনের বিরুদ্ধে সিল মারার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কয়েকটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া নবাবগঞ্জ উপজেলার ১৪টি ইউনিয়ন পরিষদে (ইউপি) গতকাল শনিবার শান্তিপূর্ণভাবে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এ ছাড়া সংরক্ষিত আসনের সাংসদ সাবিনা আক্তার তুহিনের বোন লাভলী ভূঁইয়া ওরফে লাবণ্যের বিরুদ্ধে নৌকা প্রতীকের প্রার্থীর পক্ষে ব্যালট পেপারে সিল মারার অভিযোগ উঠেছে।
শোল্লা ইউপির চারজন চেয়ারম্যান প্রার্থীর মধ্যে আনারস প্রতীকের বিদ্রোহী প্রার্থী ও শোল্লা ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খান, চশমা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী ও উপজেলা আওয়ামী লীগের সদস্য মোহাম্মদ ফজলুল হক এবং বিএনপির ধানের শীষ প্রতীকের চেয়ারম্যান প্রার্থী নাসির আহসান তিনটি কেন্দ্রে আবার ভোট গ্রহণের দাবি জানিয়েছেন।
শোল্লা ইউনিয়নে বিএনপির চেয়ারম্যান প্রার্থী নাসির আহসান বলেন, বেলা সাড়ে তিনটার দিকে আওনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নৌকা প্রতীকের প্রার্থীর পক্ষে সাংসদ সাবিনা আক্তারের বোন লাবণ্যসহ কয়েকজন বুথে যান। এ সময় তাঁরা ব্যালট পেপার ছিনিয়ে নিয়ে সিল মারতে থাকেন। এর প্রতিবাদ করলে আওয়ামী লীগ প্রার্থীর লোকজন তাঁর ওপর হামলা করেন।
শোল্লা ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থী চশমা প্রতীকের ফজলুল হক বলেন, ‘আওয়ামী লীগ প্রার্থীর লোকজন জোর করে দুটি কেন্দ্র দখল করেন। আমরা তিনটি কেন্দ্রে আবার নির্বাচন চাই।’
আওনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রিসাইডিং কর্মকর্তা আকবর হোসেন বলেন, ‘আমি মহিলা বুথে গিয়ে দেখি লাবণ্য ও তাঁর লোকজন ব্যালট পেপার নিয়ে দাঁড়িয়ে আছেন। এ সময় হট্টগোল হলে ভোট বন্ধ করে দিই।’