সাংসদের ভাইকে লাঞ্ছিত করলেন আ. লীগ নেতা!
চট্টগ্রামের পটিয়ার শিকলবাহা বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে পাথর সরবরাহ করা নিয়ে দুই পক্ষের দ্বন্দ্বে স্থানীয় সাংসদ শামসুল হক চৌধুরীর ছোট ভাইকে লাঞ্ছিত করা হয়েছে। গতকাল রোববার দুপুরে উপজেলার কোলাগাঁও ইউনিয়নের ওয়েস্টার্ন মেরিন এলাকায় আওয়ামী লীগের এক নেতার নেতৃত্বে এ ঘটনা ঘটেছে বলে অভিযোগ উঠেছে।
সাংসদের ভাই মুজিবুল হক চৌধুরী দাবি করেন, শিকলবাহা বিদ্যুৎকেন্দ্রে ঠিকাদার হিসেবে দুই দিন ধরে তিনি পাথর সরবরাহ করছেন। গতকাল ট্রাকে করে পাথর সরবরাহ করার সময় কর্ণফুলী থানা আওয়ামী লীগের নেতা জাহাঙ্গীর আলমের নেতৃত্বে ৬০-৭০ জন যুবক ওয়েস্টার্ন মেরিন এলাকায় হাজির হন। তাঁদের কয়েকজনের কাছে অস্ত্র ছিল। তাঁরা প্রতি বর্গফুট পাথরের জন্য তিন টাকা করে চাঁদা দাবি করেন। চাঁদা দিতে অস্বীকার করায় তাঁকে লাঠিসোঁটা ও অস্ত্র দিয়ে আঘাত করা হয়। এ ঘটনায় মামলা করা হবে বলে তিনি জানান।
তবে জাহাঙ্গীর আলম দাবি করেন, সাংসদের ভাই ঠিকাদার কি না, তা তিনি জানেন না। ওই সময় ঘটনাস্থলেও তিনি ছিলেন না। তিনি জানান, তাঁরা কয়েকজন চার মাস ধরে সেখানে পাথর সরবরাহ করছেন। তাঁর অভিযোগ, ক্ষমতার অপব্যবহার করে জোর করে পাথর সরবরাহ করায় সেখানে সাংসদের ভাইয়ের সঙ্গে কিছু যুবকের ধাক্কাধাক্কি হয়েছে।
এ বিষয়ে পটিয়া থানার ওসি রেফায়ত উল্লাহ চৌধুরী প্রথম আলোকে বলেন, মুজিবুল হক চৌধুরী বৈধ ঠিকাদার। জাহাঙ্গীর আলমের নেতৃত্বে ৬০ থেকে ৭০ জন লোক অস্ত্রশস্ত্র নিয়ে তাঁর ওপর হামলা করেছেন।