কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় গতকাল মঙ্গলবার চোর সন্দেহে এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে। অভিযোগ উঠেছে, কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনের সাংসদ রেজাউল হক চৌধুরীর বাড়ির সামনে তাঁর ছোট ভাই মিন্টু চৌধুরী ও তাঁর সহযোগীরা এ হত্যাকাণ্ড ঘটিয়েছেন।
নিহত হাসান আলী (২৩) উপজেলার সোনাইকুন্ডি পশ্চিমপাড়া গ্রামের আবুল কাশেমের ছেলে। গতকাল বিকেল চারটার দিকে তাঁর লাশ উপজেলার তারাগুনিয়া ডাকবাংলো চত্বরে পড়ে ছিল। খবর পেয়ে দৌলতপুর থানা-পুলিশ লাশ উদ্ধার করে।
পিটিয়ে হত্যার অভিযোগ সম্পর্কে জানতে চাইলে সাংসদের ভাই মিন্টু চৌধুরী মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘হাসান আলী নেশা করতেন। বিভিন্ন সময়ে নেশার জন্য চুরি করতেন। তাঁকে নিয়ে এলাকার মানুষ অতিষ্ঠ ছিল। সকালে তাঁকে এলাকার লোকজন মারধর করে আমাদের বাড়ির সামনে নিয়ে আসে। পরে পুলিশ এসে তাঁকে নিয়ে যায়। এ সময় আমি ঘটনাস্থলে ছিলাম না।’
পুলিশ ও স্থানীয় কয়েকজন জানান, গতকাল সকাল নয়টার দিকে চুরির অভিযোগে হাসানকে ধরে উপজেলার সোনাইকুন্ডি গ্রামে সাংসদ রেজাউলের বাড়িতে নিয়ে যাওয়া হয়। এ সময় তাঁর ছোট ভাই মিন্টুসহ কয়েকজন লোক হাসানকে বেধড়ক মারধর করেন। পরে মিন্টু চৌধুরী পুলিশ ডেকে হাসানকে তাদের হাতে তুলে দেন। পুলিশ তাঁকে চিকিৎসার জন্য দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক এহসানুল আলম বলেন, হাসানের দুই পায়ে মারাত্মক জখম ছিল। শরীরের বিভিন্ন স্থানে মারধরের চিহ্ন ছিল। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে প্রাথমিক চিকিৎসা দিয়ে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে স্থানান্তর করতে বলা হয়।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, হাসানের বিরুদ্ধে কোনো অভিযোগ না থাকায় তাঁকে একজন ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্যের জিম্মায় উন্নত চিকিৎসার জন্য ছেড়ে দেওয়া হয়। তবে ওই ইউপি সদস্যের নাম জানাতে পারেননি ওসি।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে প্রায় পাঁচ কিলোমিটার দূরে তারাগুনিয়া বাজারের দুজন ব্যবসায়ী প্রথম আলোকে বলেন, কয়েকজন লোক বেলা তিনটার দিকে একটি ভ্যানে করে হাসান আলীকে তারাগুনিয়ায় ডাকবাংলো চত্বরে ফেলে রেখে চলে যান। তখন স্থানীয় লোকজন জড়ো হয়ে দেখেন, হাসান মৃত অবস্থায় পড়ে আছে।
ওসি শহিদুল ইসলাম বলেন, ‘হাসান মাদক সেবন করতেন। এ জন্য লোকজন তাঁকে গণপিটুনি দেয় বলে জানতে পেরেছি। হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর তিনি মাদক সেবনের জন্য তারাগুনিয়া এলাকায় যান। পরে শোনা যায় তিনি মারা গেছেন।’