সাংসদের ভাইয়ের বিরুদ্ধে এএসআইকে পেটানোর অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের পটিয়ার সাংসদের ভাইয়ের বিরুদ্ধে হাইওয়ে পুলিশের সহকারী উপপরিদর্শককে (এএসআই) পেটানোর অভিযোগ উঠেছে। গত শুক্রবার রাতে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়ার শান্তির হাট এলাকায় এ ঘটনা ঘটে। অভিযুক্ত মুজিবুল হক চৌধুরী পটিয়ার সরকারদলীয় সাংসদ সামশুল হক চৌধুরীর ছোট ভাই।

মারধরের শিকার জাকির হোসেন পটিয়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির এএসআই। তিনি বলেন, শুক্রবার রাত সোয়া আটটার দিকে পটিয়ার শান্তির হাট এলাকায় সড়কের যানজট নিয়ন্ত্রণের কাজ করছিলেন তিনি। এ সময় পটিয়ার সাংসদের ভাই তাঁর ব্যক্তিগত গাড়ি নিয়ে চট্টগ্রামের দিকে যাচ্ছিলেন। তিনি গাড়ি থেকে নেমে হঠাৎ উত্তেজিত হয়ে গালাগাল করতে করতে তাঁকে কিলঘুষি মারতে থাকেন। 

তবে সাংসদের ভাই মুজিবুল হক চৌধুরী বলেন, ‘আমি আমার পরিবার নিয়ে রাতে চট্টগ্রামে যাচ্ছিলাম। যানজটের কারণে গাড়িতে প্রায় কয়েক ঘণ্টা আটকা পড়ি। এ সময় দেখি তারা (পুলিশ) দাঁড়িয়ে আছে এবং কিছু অটোরিকশা আটক করে টাকা নিচ্ছে। গাড়ি থেকে নেমে জিজ্ঞাসা করি ভাই আপনারা কি পটিয়া থানার পুলিশ? তখন তাঁরা বলেন, আমরা হাইওয়ে পুলিশ। তাঁদের বলি, ভাই আপনারা যানজট নিরসন করছেন না কেন। আমি তো আমার পরিবার নিয়ে চরম বেকায়দায় আছি। তখন তাঁরা বলেন, আপনি কে? আমি পটিয়ার সাংসদের ছোট ভাই পরিচয় দিলে তাঁরা আমার সঙ্গে খারাপ আচরণ করে বলেন, তো কী হয়েছে। এখান থেকে যান বলে পুলিশের দুজন সদস্য আমাকে ধাক্কা দেন।’ কাউকে মারধর করার অভিযোগ অস্বীকার করেন তিনি।  

পটিয়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির সার্জেন্ট জিল্লুর রহিম বলেন, এএসআইকে মারধরের ঘটনা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছে।    

এ ব্যাপারে চট্টগ্রাম হাইওয়ে জোনের সহকারী পুলিশ সুপার গোলাম মোহাম্মদ মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘দুজনের মধ্যে তর্কের পরে ধাক্কাধাক্কি হয়েছে। কিন্তু কিলঘুষি মারার কথা আমি শুনিনি।’