সাংসদের ভাইয়ের বিরুদ্ধে কোটি টাকা আত্মসাতের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোর বাস–মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক সাজেদুল ইসলামের বিরুদ্ধে নাটোরের হরিশপুর বাস টার্মিনালের ঘর বরাদ্দ বাবদ থেকে কোটি টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। সাজেদুল স্থানীয় সাংসদ ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলামের ছোট ভাই। সংবাদ সম্মেলন করে সাজেদুলের বিরুদ্ধে গতকাল রোববার ওই অভিযোগ করেন সমিতির সাবেক সাধারণ সম্পাদক ও জেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি বাসিরুর রহমান খান চৌধুরী।
তবে অভিযোগ ভিত্তিহীন দাবি করে পাল্টা সংবাদ সম্মেলন করেছেন সাজেদুল ও সমিতির অন্য নেতারা।
নাটোর প্রেসক্লাবে গতকাল দুপুরে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য দেন বাসিরুর। তিনি বলেন, তিনি ২০১৪ সালে সমিতির সাধারণ সম্পাদক হন। মেয়াদ শেষ হওয়ার আগেই ২০১৬ সালের ১৭ জানুয়ারি সাংসদ শফিকুল তাঁকে সরিয়ে দিয়ে তাঁর (সাংসদ) সহোদর সাজেদুলকে অবৈধভাবে সাধারণ সম্পাদক করেন। তখন থেকে নাটোরের পুরো পরিবহনব্যবস্থা সাংসদের পরিবারের নিয়ন্ত্রণে চলে যায়। সাজেদুল গোপনে বাসমালিকদের কাছে ১০ থেকে ১৫ লাখ টাকা করে নিয়ে শহরের হরিশপুরের বাস টার্মিনালে ঘর বরাদ্দ দেন। এভাবে অন্তত ২০ জন মালিকের কাছে কয়েক কোটি টাকার ঘর বিক্রি করেছেন। বাসিরুর প্রথম আলোতে প্রকাশিত ‘দুলুর রাজ্যে সবাই বোবা’ শিরোনামে প্রকাশিত একটি খবর উদ্ধৃত করে সাংবাদিকদের বলেন, ‘এখন সাংসদ শিমুলের রাজ্যে সবাই বোবা, ঠসা ও কানা।’ এ সময় নাটোর বাস–মিনিবাস মালিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান শরিফুল ইসলাম, পৌর মেয়র উমা চৌধুরী উপস্থিত ছিলেন।
এদিকে ওই সংবাদ সম্মেলন শেষ হওয়ার দুই ঘণ্টার মধ্যেই জেলা বাস–মিনিবাস মালিক সমিতির কার্যালয়ে পাল্টা সংবাদ সম্মেলন করেন সাজেদুল ও সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক মজিবর রহমান। এ সময় সমিতির অন্য সদস্যরাও উপস্থিত ছিলেন। সাজেদুল বলেন, ‘নিজের বাস চালাতে গিয়ে স্বার্থ বিঘ্নিত হওয়ায় বাসিরুর সংবাদ সম্মেলন ডেকে পাগলের প্রলাপ বকেছেন। তিনি (বাসিরুর) সাংসদের ভাবমূর্তি নষ্ট করার জন্য তাঁর (সাংসদ) রাজনৈতিক প্রতিপক্ষদের ইন্ধনে সাংবাদিকদের কাছে মিথ্যা তথ্য তুলে ধরেছেন।’
মজিবর বলেন, বাসিরুর সংবাদ সম্মেলনে ঘর বরাদ্দের অর্থ নিয়ে যে বক্তব্য দিয়েছেন, তা মিথ্যা ও ভিত্তিহীন। পৌরসভার কাছ থেকে জমি ইজারা নিয়ে মালিক সমিতি নিজের অর্থ দিয়ে ঘর নির্মাণ করেছে। ঘরের ক্রেতারা যে অর্থ দিয়েছেন, তা থেকে নির্মাণ খরচ রেখে দিয়ে এক লাখ টাকা করে পৌরসভাকে দেওয়া হয়েছে। এতে আত্মসাতের কিছু ঘটেনি। বরং বাসিরুর প্রশাসনের সিদ্ধান্ত লঙ্ঘন করে তাঁর মালিকানাধীন আকিব পরিবহনের বাস শহরের মধ্য দিয়ে চালান। পরিবহন শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আকরাম হোসেন বলেন, বাসিরুর মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছেন। আরও বক্তব্য দেন বাস–মিনিবাস মালিক সমিতির সদস্য আবদুর রশিদ।
এ ব্যাপারে সাংসদ শফিকুল বলেন, রাজনৈতিক সাফল্যে পিছিয়ে পড়া দলের কিছু নেতার ইন্ধনে বাসিরুর তাঁকে ও তাঁর পরিবারের সদস্যদের হেয়প্রতিপন্ন করার অসৎ উদ্দেশ্যে ওই সংবাদ সম্মেলন করেছেন। তাঁরা রাজনৈতিক ফায়দা আদায় করতে চাইছেন। তাঁকে (সাংসদ) কেউ ভয় পান না। নাটোরবাসীর কাছে তিনি ভালোবাসার পাত্র।