সুনামগঞ্জের ধরমপাশা উপজেলার পাইকুরাটি ইউনিয়নের সুনই জলমহালটি স্থানীয় সাংসদ মোয়াজ্জেম হোসেনের বড় ভাই ও তাঁর লোকজন অবৈধভাবে দখল করে রেখেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। তাঁদের হুমকির কারণে ইজারাদারেরা এক সপ্তাহ ধরে পালিয়ে বেড়াচ্ছেন।
ইউএনও মোহাম্মদ নাজমুল হক বলেন, সুনই মৎস্যজীবী সমবায় সমিতিকে জলমহালের দখলনামা বুঝিয়ে দেওয়া হয়েছে। সেখানে অবৈধ দখল থাকলে ইজারাদারকে আইনগত সহায়তা দেওয়া হবে।
সুনই মৎস্যজীবী সমবায় সমিতির সভাপতি চন্দন বর্মন বলেন, ‘আদালতের নির্দেশে ইজারা মূল্য পরিশোধ করেও এমপির বড় ভাই ও তাঁর ক্যাডার বাহিনীর ভয়ে সেখানে যেতে পারছি না। সমিতির ২১ জন সদস্যই পালিয়ে বেড়াচ্ছি। সামগ্রিক বিষয় নিয়ে গত বৃহস্পতিবার জেলা প্রশাসকের কাছে অভিযোগ করেছি।’
জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম বলেন, ‘লিখিত অভিযোগ পেয়েছি। অবৈধ দখলদারদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’
উপজেলা প্রশাসন ও স্থানীয় সূত্রে জানা যায়, মনাই নদের সঙ্গে যুক্ত সুনই জলমহালটি জেলা প্রশাসনের ব্যবস্থাপনাধীন। এর আয়তন ২২১ একর ১৮ শতক। জলমহালটির ইজারা নিয়ে সুনই মৎস্যজীবী সমবায় সমিতি ও গুলুয়া মৎস্যজীবী সমিতির পক্ষ থেকে উচ্চ আদালতে দুটি মামলা করা হয়। আদালতের নির্দেশে সুনই মৎস্যজীবী সমবায় সমিতি বছরে ২৪ লাখ ২৪ হাজার ৬৬১ টাকা মূল্যে ছয় বছরের জন্য এটি ইজারা পান। সমিতির সদস্যরা ২ ফেব্রুয়ারি ইজারা মূল্য পরিশোধ করে ৪ ফেব্রুয়ারি জলমহালটির দখলনামা বুঝে নেন। পাইকুরাটি ইউনিয়নের বাদশাগঞ্জ ভূমি কার্যালয়ের ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা এমদাদ মিয়া ও সুনই মৎস্যজীবী সমবায় সমিতির সদস্যরা ৬ ফেব্রুয়ারি জলমহালে যান। সেখানে ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা জলমহালের দখলে থাকা লোকজনকে সেখান থেকে সরে যেতে বলেন। পরে সাংসদ মোয়াজ্জেম হোসেনের বড় ভাই মোশারফ হোসেন ওরফে হাজী মাসুদ, তাঁর সহযোগী সাইদুর রহমান চৌধুরী, দেবন সাহা, আবদুছ ছালাম ও শ্যামল চৌধুরীসহ অর্ধশতাধিক লোক লাঠিসোঁটা ও দা নিয়ে সুনই মৎস্যজীবী সমিতির সদস্যদের তাড়িয়ে দেন।
শ্যামল চৌধুরী বলেন, ‘জলমহালটি এমপি সাবের বড় ভাই হাজী মাসুদ সাব, সাইদুর রহমান চৌধুরী, দেবন সাহা ও আবদুছ ছালামের নেতৃত্বে পরিচালিত হচ্ছে। তাঁদের নির্দেশে মাছ শিকার করছি।’
সুখাইড় রাজাপুর দক্ষিণ ইউনিয়নের গুলুয়া মৎস্যজীবী সমবায় সমিতির সাধারণ সম্পাদক আল আমিন বলেন, ‘উচ্চ আদালতের নির্দেশে সমিতির পক্ষ থেকে গত দুই তিন মাস আগে জলমহালটির ইজারা মূল্য বাবদ ৯ লাখ ৬০ হাজার টাকা পরিশোধ করেছি। আমরা বৈধভাবেই জলমহাল থেকে মাছ শিকার করছি।’
মোশারফ হোসেন বলেন, ‘হুমকি ও ভয়ভীতি দেখানোর অভিযোগ ঠিক নয়। জলমহালটি গুলুয়া মৎস্যজীবী সমবায় সমিতির সদস্যরা ইজারা পেয়েছেন। এতে আমি, দেবন সাহা, সাইদুর রহমান চৌধুরীসহ আরও কয়েকজন পার্টনার আছি।’ ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা এমদাদ মিয়া বলেন, ‘সুনই মৎস্যজীবী সমবায় সমিতি জলমহালটির বৈধ ইজারাদার।’
সুনই মৎস্যজীবী সমবায় সমিতির সাধারণ সম্পাদক ঝন্টু বর্মন বলেন, ‘পার্শ্ববর্তী নেত্রকোনার মোহনগঞ্জ ও বারহাট্টা উপজেলার থেকে হাজি মাসুদের পক্ষ নিয়ে ক্যাডার বাহিনীর লোকজন প্রতিদিনই পরিবারের লোকজনদের ভয়ভীতি দেখাচ্ছে।’