সাংসদের ভাগনেকে সভাপতি করায় স্কুলে তালা চার দিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় পার্টির স্থানীয় সাংসদের সহযোগিতায় গোপনে তাঁর ভাগনেকে জামালপুরের সরিষাবাড়ী উপজেলার মহদান ইউনিয়নের সেংগুয়া উচ্চবিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এর প্রতিবাদে এলাকাবাসী ওই বিদ্যালয়ের শ্রেণিকক্ষগুলোতে তালা ঝুলিয়ে দিয়েছেন। এ কারণে চার দিন ধরে শিক্ষার্থীদের পাঠদান বন্ধ রয়েছে।
এলাকাবাসী ও ওই বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী সূত্রে জানা গেছে, গত জাতীয় সংসদ নির্বাচনের পর থেকে বিদ্যালয়টির ব্যবস্থাপনা কমিটি নিয়ে জাতীয় সংসদের শিক্ষা কমিটির স্থায়ী সদস্য ও জামালপুর-৪ (সরিষাবাড়ী) আসনের জাতীয় পার্টির স্থানীয় সাংসদ মামুনুর রশিদ জোয়াদ্দারের সঙ্গে এলাকার কিছুসংখ্যক লোকের বিরোধ চলে আসছিল। সাংসদ মামুনুর রশিদ জোয়াদ্দারের ডিও লেটারের (আধা সরকারি পত্র) ভিত্তিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফ্লোরা বিলকিছ জাহান সাংসদের ভাগনে হাফিজুর রহমান ওরফে জোসনাকে ওই বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি করে একটি কমিটি সাংসদের কাছে পাঠালে সাংসদ তা অনুমোদন করে শিক্ষা অধিদপ্তরে পাঠান। ২ অক্টোবর অধিদপ্তর ওই কমিটি অনুমোদন করে। এ খবর জানার পর বিদ্যালয়ের শিক্ষার্থীদের অভিভাবকদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। ঈদের ছুটি শেষ হওয়ার পর গত রোববার সকাল ১০টায় বিদ্যালয়ের পাঠদান শুরু হওয়ার কথা ছিল। ওই দিন এলাকাবাসী বিদ্যালয়ে গিয়ে শ্রেণিকক্ষগুলোতে তালা ঝুলিয়ে দেন। এরপর চার দিন ধরে বিদ্যালয়ে পাঠদান বন্ধ রয়েছে।
বিদ্যালয়ের নবম-শ্রেণির শিক্ষার্থী মমিনুল ইসলাম জানায়, চার দিন ধরে শ্রেণিকক্ষে তালা থাকায় তাদের ক্লাস বন্ধ রয়েছে। কয়েক দিন পরই তাদের বার্ষিক পরীক্ষা শুরু হবে। এক শিক্ষার্থীর অভিভাবক জাহাঙ্গীর আলম বলেন, ‘এমপি গোপনে তাঁর ভাগনেকে সভাপতি বানিয়েছেন। এই কমিটি বাতিলের জন্য আমরা বিদ্যালয়ে তালা ঝুলিয়ে দিয়েছি।’ সেংগুয়া গ্রামের মুক্তিযোদ্ধা আবদুল লতিফ জানান, ওই কমিটি অবৈধ। কমিটিটি বাতিলের দাবিতে এলাকাবাসী বিদ্যালয়ে তালা ঝুলিয়ে দিয়েছেন।
বিদ্যালয়ের সহকারী শিক্ষক নুরুল ইসলাম বলেন, ‘এলাকাবাসী বিদ্যালয়ে তালা ঝুলিয়ে দেওয়ায় এবং আমাদের বাধা দেওয়ায় শিক্ষার্থীদের ক্লাস নেওয়া বন্ধ রয়েছে।’ ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোতাহের আলী বলেন, সাংসদ গোপনে কমিটি পাস করে দেওয়ায় এলাকাবাসী বিদ্যালয়ে তালা ঝুলিয়ে দিয়েছেন। চার দিন ধরে বিদ্যালয়ে শিক্ষার্থীদের পাঠদান বন্ধ রয়েছে।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. গোলাম এলাহী আখন্দ বলেন, ‘বিদ্যালয়ের কমিটি হয়েছে আমি জানি না। শুনেছি, এমপি গোপনে কমিটি পাস করে দিয়েছেন। চার দিন ধরে এলাকাবাসী বিদ্যালয়ে তালা ঝুলিয়ে রেখেছেন।’ ইউএনও ফ্লোরা বিলকিস বলেন, বিদ্যালয়ে পাঠদান বন্ধ রয়েছে। দু-এক দিনের মধ্যে এ ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে।
এ ব্যাপারে যোগাযোগ করা হলে সাংসদ মামুনুর রশিদ জোয়াদ্দার বলেন, ‘আমি ভাগনেকে সভাপতি করে কমিটি পাস করে দিয়েছি। যারা বিদ্যালয়ে তালা ঝুলিয়ে দিয়েছে, তাদের বিরুদ্ধে মামলা দেওয়া হবে।’