সাংসদের মার খেয়েও স্বীকার করলেন না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহ-৩ (গৌরীপুর) আসনের সাংসদ মজিবুর রহমান ফকিরের বিরুদ্ধে একজন শিক্ষককে মারধর করার অভিযোগ উঠেছে। তবে ওই শিক্ষক ও সাংসদ দুজনেই বিষয়টি অস্বীকার করেছেন। তাঁরা মারধরের ঘটনাটি ‘শাসন’ বলে চালিয়ে দিয়েছেন।
একাধিক সূত্রে জানা যায়, গৌরীপুর পৌর শহরের ঘোষপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক আবুল কালাম আজাদ গৌরীপুর উপজেলা পরিষদে কর্মরত একজন নারী কর্মীর বিরুদ্ধে প্রায়ই সাংসদের কাছে বিষোদ্গার করতেন। তিনি বলতেন, ওই নারী বিএনপি-সমর্থক পরিবারের সদস্য এবং তিনি সাংসদের সমালোচনা করেন। আবুল কালাম ১৯৭৯ সালে গৌরীপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি ও গৌরীপুর সরকারি কলেজের ছাত্রসংসদের ‘ভিপি’ ছিলেন।
নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন প্রত্যক্ষদর্শী বলেন, গতকাল রোববার বেলা সাড়ে ১১টার দিকে সাংসদ মজিবুর রহমান শিক্ষক আবুল কালামকে উপজেলা পরিষদ কার্যালয়ে নিয়ে যান। ওই নারী কর্মী যে তাঁর (সাংসদ) সমালোচনা করেন এবং তিনি যে বিএনপি-সমর্থক পরিবারের সদস্য তা প্রমাণ করতে আবুল কালামকে বলেন সাংসদ। কিন্তু আবুল কালাম তখন তাতে অস্বীকৃতি জানান। এতে ক্ষিপ্ত হয়ে আবুল কালামকে উপজেলা পরিষদ কার্যালয়ের মাঠে নিয়ে মারধর করেন সাংসদ।
জানতে চাইলে আবুল কালাম প্রথমে বিষয়টি অস্বীকার করেন। পরে তিনি বলেন, ‘আমি উপজেলা ছাত্রলীগের সভাপতি ও যুবলীগের নেতা ছিলাম। তাই স্যার (সাংসদ) আমার কাছে উপজেলা প্রাথমিক শিক্ষার খোঁজখবর জানতে চান। এ সময় তিনি আমাকে শাসন করেছেন।’
সাংসদ মজিবুর রহমানও বলেন, ‘যে ভিকটিম (শিক্ষক) সে যদি বলে তাকে শাসন করেছি, তাহলে তো আর কোনো কথা থাকে না। আমি তাকে শাসন করেছি।’