সাংসদের মেয়েকে ছুরিকাঘাতের ঘটনায় মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হাসপাতালে চিকিৎসাধীন অদিতি বড়াল। ছবি: প্রথম আলো
হাসপাতালে চিকিৎসাধীন অদিতি বড়াল। ছবি: প্রথম আলো

বাগেরহাটে সংরক্ষিত নারী আসনের সাংসদ হেপী বড়ালের মেয়ে অদিতি বড়ালের ওপর হামলার ঘটনায় মামলা হয়েছে। ঘটনার ৩০ ঘণ্টা পর গতকাল রোববার রাতে সংসদ সদস্য হেপী বড়াল বাদী হয়ে বাগেরহাট মডেল থানায় অজ্ঞাতনামা আসামির বিরুদ্ধে মামলা করেন। তবে পুলিশ এখনো হামলার ঘটনায় জড়িত কাউকে গ্রেপ্তার করতে পারেনি।

১৬ ডিসেম্বর সন্ধ্যায় শহরের আমলাপাড়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে বিজয় দিবসের অনুষ্ঠান থেকে বাসায় ফেরার পথে স্কুলের সামনে অদিতি বড়ালকে ছুরিকাঘাত করে পালিয়ে যায় অজ্ঞাত এক দুর্বৃত্ত।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০০০ সালের ২০ আগস্ট প্রকাশ্য দিবালোকে নারী সাংসদ হেপী বড়ালের স্বামী আওয়ামী লীগ নেতা কালিদাস বড়ালকে গুলি করে হত্যা করে সন্ত্রাসীরা। ওই ঘটনার দীর্ঘ এক যুগ পর জড়িত ব্যক্তিদের কয়েকজনকে আদালত মৃত্যুদণ্ড ও যাবজ্জীবন সাজা দেন। ওই মামলায় কয়েকজন খালাস পান। নিম্ন আদালতে ন্যায়বিচার পাননি দাবি করে তিনি উচ্চ আদালতে রিট আবেদন করেন। এতে ক্ষুব্ধ হয়ে খালাস ও দণ্ডপ্রাপ্ত আসামিরা তাঁর পরিবারের সদস্যদের হত্যার পরিকল্পনা করেছে। ওই মামলার এক আসামি আলমগীর সিদ্দিকী সম্প্রতি অপর এক মামলায় যশোর থেকে বাগেরহাট আদালতে হাজিরা দিতে আসেন। সেখানে তিনি কালিদাস বড়াল হত্যা মামলার খালাস ও দণ্ডপ্রাপ্ত আসামিদের সঙ্গে পরামর্শ করে হত্যার ষড়যন্ত্র করেন। এরই ধারাবাহিকতায় পরপর দুইবার তাঁর মেয়ে অদিতি বড়ালের ওপর এই হামলা হয়েছে বলে তিনি এজাহারে উল্লেখ করেছেন।

বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাতাব উদ্দিন বলেন, ‘আমরা মামলাটি এজাহার হিসেবে নথিভুক্ত করেছি। মামলাটি গুরুত্ব দিয়ে তদন্ত শুরু করেছি। এ হামলার ঘটনায় জড়িত ব্যক্তিদের ধরতে পুলিশের একাধিক দল কাজ করছে। অভিযান অব্যাহত রয়েছে। শিগগিরই তাদের শনাক্ত করে ঘটনার রহস্য উদ্‌ঘাটন করা হবে। এমপির পরিবারকে নিরাপত্তা দিতে তাঁর বাড়িতে পুলিশ মোতায়েন করা হয়েছে।’

সাংসদের মেয়ের ওপর হামলার ঘটনায় নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছে বাগেরহাট জেলা আওয়ামী লীগ। আজ সোমবার দুপুরে জেলা আওয়ামী লীগের উপদপ্তর সম্পাদক রতন নন্দী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে অদিতি বড়ালের ওপর হামলাকারীদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি জানানো হয়।