সাংসদের মেয়ের ওপর হামলায় কেউ আটক হয়নি
বাগেরহাটে সংরক্ষিত নারী আসনের সাংসদ হেপী বড়ালের মেয়ে অদিতি বড়ালকে ছুরিকাঘাতের ঘটনায় এখনো কেউ আটক হয়নি। এ ঘটনায় এখনো মামলা হয়নি। মামলার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন সাংসদ হেপী বড়াল।
গতকাল শনিবার বাগেরহাট শহরের শালতলা এলাকায় সাংসদের মেয়ের ওপর হামলার ঘটনা ঘটে। আমলাপাড়া মাধ্যমিক বিদ্যালয়ে বিজয় দিবসের একটি অনুষ্ঠান থেকে বেরিয়ে সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে বাড়িতে ফেরার সময় এক যুবক অদিতি বড়ালকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।
অদিতি বড়ালকে বাগেরহাট সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। গতকাল রাতে তাঁকে বাসায় নিয়ে যাওয়া হয়েছে।

আজ রোববার সকালে হেপী বড়াল বলেন, ‘আট মাস আগেও আমার মেয়ের ওপর হামলা হয়েছিল। ওই দিন রাতে বাসার জানালা দিয়ে ছুরি ছুড়ে মারা হয়েছিল, যা মেয়ের পায়ে লাগে। আট মাস আগের ওই ঘটনায় পুলিশ যথাযথ ব্যবস্থা নিলে গতকাল আর এ রকম ঘটনা ঘটনা না। আমরা মামলার জন্য প্রস্তুতি নিচ্ছি। আজকের মধ্যে মামলা করা হবে।’
হেপী বড়াল আরও বলেন, ‘বাসার সামনে পুলিশ মোতায়েন করা হয়েছে; তবুও আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি।’
বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাতাব উদ্দীন বলেন, ‘আমলাপাড়া মাধ্যমিক বিদ্যালয় থেকে হেপী বড়ালের বাসা পর্যন্ত থাকা সিসি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করা হচ্ছে। এখন পর্যন্ত উল্লেখযোগ্য কিছু পাওয়া যায়নি। সবদিক থেকে খোঁজখবর নেওয়া হচ্ছে। গোয়েন্দা তথ্য নেওয়া হয়েছে। এখনো মামলা হয়নি, তবে আমরা আমাদের মতো তদন্ত চালাচ্ছি। হামলাকারীকে ধরতে পুলিশের অভিযান চলছে।’
উল্লেখ্য, অদিতি বড়ালের বাবা চিতলমারী উপজেলার পরিষদের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা কালিদাস বড়াল। তিনি ২০০০ সালে দুর্বৃত্তদের গুলিতে নিহত হন।