সাংসদের সই জাল করায় মামলা
গাইবান্ধার সুন্দরগঞ্জ শাহজাহান কমার্শিয়াল অ্যান্ড কম্পিউটার প্রশিক্ষণ ইনস্টিটিউটের সুপারিনটেনডেন্ট ও ব্যবস্থাপনা কমিটির সভাপতির বিরুদ্ধে স্থানীয় সাংসদের সই জাল করার অভিযোগ উঠেছে। তাঁরা বর্তমান ব্যবস্থাপনা কমিটি বহাল রাখতে সাংসদের সই জাল করে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যানকে চিঠি দিয়েছেন।
ওই ইনস্টিটিউটের ব্যবস্থাপনা কমিটি বাতিলের জন্য গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের সাংসদ মনজুরুল ইসলাম কারিগরি শিক্ষা েবার্ডের চেয়ারম্যানকে চিঠি দিয়েছিলেন। তাঁর স্বাক্ষর জাল করায় সাংসদ বাদী হয়ে ২৮ জুলাই সুন্দরগঞ্জ থানায় মামলা করেন।
সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক বলেন, মামলাটি রেকর্ড করে দুর্নীতি দমন কমিশনে (দুদক) পাঠানো হয়েছে। দুদক মামলাটি তদন্ত করছে।
ব্যবস্থাপনা কমিটির সভাপতি আজহারুল ইসলাম বলেন, ‘এসব বিষয়ে আমি কিছুই জানি না। কিছু করা হয়ে থাকলে তা সুপার সাহেব করেছেন।’
তবে ইনস্টিটিউটের সুপার শাহজাহান মিয়া সাংসদের সই জাল করার অভিযোগ অস্বীকার করেন।
মামলার এজাহারে সাংসদ উল্লেখ করেন, ওই ইনস্টিটিউটে প্রয়োজনীয় শিক্ষার্থী ও কোনো অবকাঠামো নেই। অথচ ব্যবস্থাপনা কমিটির সভাপতি আজহারুল ইসলাম ও সুপার শাহজাহান মিয়া বেশ কয়েকজন শিক্ষক নিয়োগ দিয়ে কয়েক লাখ টাকা লুটপাট করেন। কমিটির লুটপাটের কারণে ইনস্টিটিউটটি কার্যত অচল হয়ে পড়েছে। তাই আমি ওই কমিটি বাতিল করে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) ইনস্টিটিউটের ব্যবস্থাপনা কমিটির সভাপতির দায়িত্ব দিতে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যানকে চলতি বছরের ৬ ও ১৬ এপ্রিল এবং ১১ মে তিন দফায় তিনটি চিঠি দিই। বিষয়টি জানতে পেরে ইনস্টিটিউটের সভাপতি ও সুপার আমার সই-সিল জাল করে ১৩ জুলাই বোর্ডের চেয়ারম্যানকে একটি ভুয়া চিঠি দেন। তাঁরা জাতীয় সংসদের প্যাডে লেখা ওই চিঠিতে সাংসদের বরাত দিয়ে উল্লেখ করেন, ‘ইনস্টিটিউটের শিক্ষক-কর্মচারীদের কথার ওপর ভিত্তি করে চিঠি দিয়েছিলাম। তাই আগে আমার দেওয়া চিঠি ভিত্তিহীন। বর্তমান কমিটির দ্বারা প্রতিষ্ঠানটি সুন্দর ও সুষ্ঠুভাবে পরিচালিত হচ্ছে।’ অথচ আমি এ ধরনের কোনো চিঠি দিইনি।
যোগাযোগ করা হলে সাংসদ মনজুরুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘এসব অনিয়ম ছাড়াও কমিটির সভাপতি আজহারুল ইসলাম ও ইনস্টিটিউটের সুপার শাহজাহান মিয়ার বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ রয়েছে। ফেব্রুয়ারি মাসে প্রতিষ্ঠানের ৬০ জন পরীক্ষার্থী বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অর্ধীনে এসএসসি (ভোকেশনাল) পরীক্ষার ফরম পূরণ করে। এর মধ্যে ১৪ জন পরীক্ষার্থী প্রবেশপত্র না পাওয়ায় ৮ ফেব্রুয়ারি এই ইনস্টিটিউটের কার্যালয় কক্ষের আসবাবসহ শ্রেণিকক্ষ ভাঙচুর করে। এ অবস্থায় প্রতিষ্ঠানটি সুষ্ঠুভাবে পরিচালনার জন্য আমি ওই উদ্যোগ গ্রহণ করি। তাঁদের প্রতারণার কারণে আমি থানায় মামলা করেছি।’