সাংসদের সই জাল শিক্ষক গ্রেপ্তার
সংসদ সদস্য ও উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) স্বাক্ষর জালের অভিযোগে দিনাজপুরের বিরলের কামদেবপুর উচ্চবিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সেলিম রেজাকে গ্রেপ্তার করেছে পুলিশ। এর আগে গত ২৩ নভেম্বর তাঁর বিরুদ্ধে থানায় মামলা করা হয়।
বিরল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল হাই সরকার জানান, গতকাল সকালে ধর্মজৈন এলাকার নিজ বাড়ি থেকে সেলিম রেজাকে পুলিশ গ্রেপ্তার করেছে।
মামলার এজাহারে বলা হয়েছে, উপজেলার ধর্মপুর ইউনিয়নের কামদেবপুর উচ্চবিদ্যালয়ের পরিচালনা কমিটি মেয়াদোত্তীর্ণ হওয়ায় ইউএনওকে আহ্বায়ক করে কমিটি করা হয়।
অন্যদিকে অভিভাবক সদস্যদের নিয়ে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা নিয়ে প্রধান শিক্ষক সেলিম রেজা ও কম্পিউটার শিক্ষক শরিফুল ইসলামের নেতৃত্বে দুটি পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে কোন্দল চলে আসছিল।
এরই মধ্যে সেলিম রেজা নিজের ইচ্ছেমতো একটি কমিটি করে স্থানীয় সাংসদ খালিদ মাহমুদ চৌধুরীর সিল ও স্বাক্ষর জাল করে কমিটি অনুমোদনের জন্য দিনাজপুর শিক্ষা বোর্ডে দাখিল করেন। এরপর ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আহ্বায়ক কমিটির সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল্লাহ আল খায়রুমের স্বাক্ষর জাল করে বেতন উত্তোলন করেন।
ইউএনও আবদুল্লাহ আল খায়রুম জানান, ঘটনা জানাজানি হলে তাঁর নির্দেশে ইউএনও কার্যালয়ের প্রধান সহকারী আবদুল মজিদকে দিয়ে ঘটনা তদন্ত করান। অভিযোগের সত্যতা পাওয়ার পর আবদুল মজিদ বাদী হয়ে সেলিম রেজার বিরুদ্ধে গত ২৩ নভেম্বর বিরল থানায় একটি মামলা করেন। মামলাটি জেলা দুর্নীতি দমন কার্যালয়ে (দুদকে) পাঠানো হয়েছে।
থানাহাজতে সেলিম রেজা বলেন, শিক্ষাপ্রতিষ্ঠান পরিচালনা কমিটির সভাপতি হিসেবে বেতন বিলে উপজেলা নির্বাহী কর্মকর্তার তিনটি স্বাক্ষর প্রয়োজন হয়। কিন্তু ইউএনও ভুল করে দুটি স্বাক্ষর করেছিলেন।
এ অবস্থায় তৃতীয় স্বাক্ষরটি ইউএনওর নাম দিয়ে তিনিই করেছেন বলে জানান। তবে কমিটি অনুমোদনের জন্য দিনাজপুর শিক্ষা বোর্ডে জমা দেওয়া কাগজে সাংসদ নিজেই স্বাক্ষর করেছেন বলে তিনি দাবি করেছেন।