সাংসদের সভামঞ্চ ও তাঁর ছেলের প্রতিষ্ঠানে ভাঙচুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের ফুলবাড়িয়া কলেজ জাতীয়করণের তালিকায় অন্তর্ভুক্ত না হওয়ায় এলাকাবাসীর মধ্যে অসন্তোষ রয়েছে। এর জের ধরে গত বৃহস্পতিবার স্থানীয় সাংসদ মোসলেম উদ্দিনের সভাস্থল ও তাঁর ছেলের ব্যবসাপ্রতিষ্ঠানে ভাঙচুরের ঘটনা ঘটেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত মাসের মাঝামাঝি জাতীয়করণের তালিকায় নতুন করে সারা দেশের ২৩টি কলেজ অন্তর্ভুক্ত হয়। এর মধ্যে ফুলবাড়িয়া কলেজের নাম নেই। এলাকাবাসীর অভিযোগ, সাংসদ মোসলেম উদ্দিন ফুলবাড়িয়া কলেজের জন্য চিঠি দিয়ে সুপারিশ করলেও আন্তরিক ছিলেন না। উপজেলার আরেকটি কলেজ জাতীয়করণে তালিকাভুক্ত হয়েছে।

এর প্রতিবাদে কলেজের শিক্ষক-শিক্ষার্থী ও এলাকাবাসী মানববন্ধন, বিক্ষোভ মিছিল, অনশন, হরতাল-অবরোধের মতো কর্মসূচি পালন করে আসছেন। বৃহস্পতিবার বেলা তিনটার দিকে ফুলবাড়িয়া পৌরসভার ভালুকজান এলাকায় একটি সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে সাংসদ মোসলেম উদ্দিনের যোগ দেওয়ার কথা ছিল। এ উপলক্ষে সভার আয়োজন করা হয়। আন্দোলনকারীরা ওই দিন সকাল থেকে বিকেল পাঁচটা পর্যন্ত উপজেলাজুড়ে অবরোধের ডাক দেন। সন্ধ্যা ছয়টার দিকে তাঁরা ভালুকজান এলাকায় গিয়ে সভামঞ্চের চেয়ার-টেবিল ভাঙচুর করেন। তবে সেখানে তখন সাংসদ ছিলেন না। পরে বিভিন্ন এলাকায় প্রায় ৩০টি মোটরসাইকেল ও বেশ কয়েকটি দোকান ভাঙচুর করা হয়।

সন্ধ্যা পৌনে সাতটার দিকে আন্দোলনকারীরা সাংসদের ছেলের অংশীদারত্বের একটি বেসরকারি হাসপাতাল ও একটি পরিবহন কোম্পানির কার্যালয়েও ভাঙচুর করেন। পরে ভালুকজান এলাকায় ওই সভায় যোগ দেন সাংসদ। মোসলেম উদ্দিন বলেন, ‘ফুলবাড়িয়া কলেজ জাতীয়করণ হোক, তা আমিও চাই। তিনটি কলেজের নাম প্রস্তাব করা হলে শিক্ষা মন্ত্রণালয় ফজিলাতুন্নেছা মুজিব মহিলা কলেজটি নির্বাচন করেছে। এখানে আমার ব্যক্তিগত কোনো মতামত ছিল না।’ ফুলবাড়িয়া থানার ওসি রিফাত খান গতকাল শুক্রবার বিকেলে বলেন, ঘটনাস্থল থেকে দুজনকে আটক করেছে পুলিশ।