সাংসদের সমাবেশে যোগ দিতে বিদ্যালয় ছুটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার আমড়াগাছিয়া মাধ্যমিক বিদ্যালয় ছুটি দিয়ে স্থানীয় সাংসদের সমাবেশে যোগ দিয়েছেন শিক্ষকেরা। এ ঘটনায় শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। গতকাল মঙ্গলবার এ ঘটনা ঘটে।
বিদ্যালয়ের কয়েকজন শিক্ষক ও শিক্ষার্থী জানায়, গতকাল বিকেলে মঠবাড়িয়া শহরের শহীদ মোস্তফা খেলার মাঠে পিরোজপুর-৩ (মঠবাড়িয়া) আসনের স্বতন্ত্র সাংসদ রুস্তম আলী ফরাজীর সমাবেশে অনুষ্ঠিত হয়। ওই সমাবেশে আমড়াগাছিয়া মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকেরা যোগ দেওয়ার জন্য সকাল সাড়ে ১০টায় শিক্ষার্থীদের হাজিরা নেওয়ার পর বিদ্যালয় ছুটি ঘোষণা করেন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মাহমুদুল আলম ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি ছাড়া বিদ্যালয় ছুটি দেন। বিদ্যালয়ের সাড়ে চার শ শিক্ষার্থী ক্লাস না করেই বাড়ি ফিরে যায়।
আমড়াগাছিয়া মাধ্যমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সাবেক সভাপতি মোশারেফ হোসেন শরিফ অভিযোগ করেন, বিদ্যালয়ে পাঠদান বন্ধ রেখে শিক্ষকেরা সাংসদের সমাবেশে যোগ দিয়েছেন। বিদ্যালয় ছুটি দিয়ে শিক্ষকদের সাংসদের রাজনৈতিক সমাবেশে যোগ দেওয়ার বিষয়টি অভিভাবক ও সচেতন মহলে ক্ষোভের সৃষ্টি হয়েছে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মাহমুদুল আলম ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি ছাড়া বিদ্যালয় ছুটি দেওয়ার কথা স্বীকার করে বলেন, সাংসদের সমাবেশে উপস্থিত হয়ে বিদ্যালয়ের নতুন ভবন ও কম্পিউটার ল্যাবরেটরি দাবি করার জন্য বিদ্যালয় ছুটি দেওয়া হয়েছে।
মঠবাড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম ফরিদ উদ্দিন বলেন, বিদ্যালয় ছুটি দেওয়ার বিষয়টি শুনে তাৎক্ষণিক উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয়ের একাডেমিক সুপারভাইজারকে তদন্ত করে লিখিত প্রতিবেদন দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি ছাড়া বিদ্যালয় ছুটি দেওয়া হলে প্রধান শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
মঠবাড়িয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আশরাফুর রহমান বলেন, পাঠদান বন্ধ রেখে বিদ্যালয় ছুটি ঘোষণা করে সাংসদের সমাবেশে যোগদান বেআইনি। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।