সাংসদের সামনে আ.লীগের দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নড়াইলের কালিয়া উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষ হয়েছে। গত বুধবার স্থানীয় সাংসদের উপস্থিতিতে বৈঠক চলাকালে এ সংঘর্ষে একজন সেনাসদস্যসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। তা ছাড়া ১০টি বাড়িঘর ভাঙচুর করা হয়।
গত বুধবার সন্ধ্যায় উপজেলার পুরুলিয়া ইউনিয়নের আমতলী গ্রামের মাদ্রাসা মাঠে এ ঘটনা ঘটে। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে পুলিশ বুধ ও বৃহস্পতিবার রাতে উভয় পক্ষের অন্তত আটজনকে আটক করেছে।
আহত ব্যক্তিদের মধ্যে তাজমিদুল শেখকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে, ঈদের ছুটিতে আসা সেনাসদস্য রজিবুল শেখ এবং একই গ্রামের বাসিন্দা ইকবাল শেখ, খাজা নাজিম উদ্দীন শেখ, শামসুর রহমান ও সজীব শেখকে নড়াইল সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, আমতলী গ্রামের আওয়ামী লীগ নেতা জান্নাত শেখ এবং ইউনিয়ন ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য লিকু শেখের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিরোধ চলে আসছিল। তা মীমাংসার জন্য নড়াইল-১ আসনের সাংসদ কবিরুল হক গত বুধবার বিকেলে আমতলী মাদ্রাসা মাঠে বৈঠক ডাকেন। এতে অন্যদের মধ্যে কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ. গণি মিয়াও উপস্থিত ছিলেন।
প্রত্যক্ষদর্শী আবদুস সালাম মোল্লা, জিয়াউর রহমানসহ সাত-আটজন প্রথম আলোকে বলেন, বৈঠক চলাকালে লিকু শেখ অভিযোগ করেন, জান্নাত শেখ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হয়েও বিএনপির নেতা-কর্মীদের আশ্রয়-প্রশ্রয় দেন। জান্নাতের শ্যালক বিএনপির কর্মী রানা শেখ তাঁর এ বক্তব্যের প্রতিবাদ করেন। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে চেয়ার ছোড়াছুড়ি, হাতাহাতির ও লাঠালাঠির ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের ১০ জন আহত হন। পরে উভয় পক্ষের লোকজন ঢাল-সড়কি নিয়ে প্রতিপক্ষের ঘরবাড়িতে হামলা চালান। একপর্যায়ে সাংসদ উভয় পক্ষকে শান্ত থাকার আহ্বান জানান। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ তিনটি ফাঁকা গুলি ছোড়ে।
গতকাল শুক্রবার বিকেলে জানতে চাইলে কালিয়া থানার ওসি গণি মিয়া বলেন, এ ঘটনায় এখনো মামলা হয়নি। তবে আটক করা আটজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।