সাংসদের হাসপাতালের কর্মকর্তাকে মারধর, চার পুলিশ সদস্যকে প্রত্যাহার
মানিকগঞ্জ-২ (সিঙ্গাইর ও সদরের আংশিক) আসনের আওয়ামী লীগের সংসদ সদস্য ও কণ্ঠশিল্পী মমতাজ বেগমের মালিকানাধীন হাসপাতালের কর্মকর্তা এরফানুর রহমানকে মারধর করার অভিযোগে চার পুলিশ কনস্টেবলকে প্রত্যাহার করা হয়েছে। গত মঙ্গলবার রাতে সিঙ্গাইর উপজেলার ধল্লা ফোর্ডনগর এলাকায় এ ঘটনা ঘটে।
ধল্লা ফোর্ডনগর পুলিশ ফাঁড়ি থেকে প্রত্যাহার করা চার পুলিশ সদস্য হলেন রাসেল হোসেন, আসাদ হোসেন, ওবায়দুর রহমান ও মো. ইয়াছিন। মঙ্গলবার রাতেই তাঁদের জেলা পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার জয়মন্টপ গ্রামে ‘মমতাজ শিশু ও চক্ষু হাসপাতাল’ নামে মমতাজ বেগমের একটি বেসরকারি ক্লিনিক আছে। ওই হাসপাতালের পরামর্শক হিসেবে কাজ করেন এরফানুর রহমান। মঙ্গলবার রাতে তিনি ঢাকা থেকে মোটরসাইকেলে করে উপজেলার ভাকুম গ্রামে বাড়ি ফিরছিলেন। সাড়ে আটটার দিকে হেমায়েতপুর-সিঙ্গাইর সড়কের ধল্লা ফোর্ডনগর এলাকায় তল্লাশি চৌকিতে দায়িত্বরত ওই চার কনস্টেবল তাঁর মোটরসাইকেল থামান।
এরফানুর অভিযোগ করেন, মোটরসাইকেলের কাগজপত্র যাচাই-বাছাইয়ের সময় কথা-কাটাকাটির একপর্যায়ে ওই চার কনস্টেবল তাঁকে মারধর শুরু করেন। তাঁকে লাঠি দিয়েও আঘাত করা হয়। পরে তাঁকে আটক করে ১০০ গজ দূরে পুলিশ ফাঁড়িতে নিয়ে যাওয়া হয়। পরে বিষয়টি পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হলে তাঁকে ছেড়ে দেওয়া হয়।
সিঙ্গাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সৈয়দুজ্জামান বলেন, অভিযুক্ত কনস্টেবলদের সঙ্গে কথা বলে জানা গেছে যে মোটরসাইকেল থামানোয় তাঁদের সঙ্গে এরফানুরের বাগ্বিতণ্ডা হয়। তাঁকে লাঞ্ছিত করার অভিযোগে চার কনস্টেবলকে প্রত্যাহার করা হয়েছে।