
চাঁদাবাজিকে কেন্দ্র করে সিলেটের বিশ্বনাথ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ৫০ শয্যায় উন্নীতকরণের কাজ কার্যত বন্ধ হয়ে গেছে। সিলেট-২ আসনের সাংসদ ইয়াহইয়া চৌধুরী গত বৃহস্পতিবার প্রকল্প এলাকায় গিয়ে হুমকি দিয়ে কাজ বন্ধ করে দেন। জাতীয় পার্টির এই সাংসদ দাবি করেন, ঠিকাদারি প্রতিষ্ঠান কাজে অনিয়ম করছে। তবে অনিয়ম হয়েছে কি না, বলতে পারেননি সংশ্লিষ্ট প্রকৌশলীরা।
সাংসদ স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সংশ্লিষ্ট প্রকৌশলীদের আজ শনিবার প্রকল্প এলাকায় থাকার নির্দেশ দিয়েছেন। তিনি বলেন, সকাল ১০টায় তিনি একজন ‘প্রাইভেট ইঞ্জিনিয়ার’ সঙ্গে করে এনে কাজ ঠিকভাবে হচ্ছে কি না, দেখবেন। এ সময় কোনো অনিয়ম পেলে প্রকৌশলী ও ঠিকাদারের লোকজনকে পেটাবেন।
সাংসদ প্রথম আলোকে বলেন, ‘পাথর ব্যবহারে দুই নম্বরি করে চলছে। কালক (বৃহস্পতিবার) ধরছি আমরা। ধরলেও অফিশিয়াল কেউ আছিল না, আমি ইঞ্জিনিয়ারসহ তদারকিত যারা আছিল তারারে ফোনে কইছি, কামকাজ দুই নম্বরিতে অয়-রও, তোমরা কিতা করো? আগামীকাল ইঞ্জিনিয়ারদের ডাকাইছি। আসলে আমি বা আমরা তো আর এক্সপার্ট না, আমি একজন প্রাইভেট ইঞ্জিনিয়ার নিয়া সকাল ১০টায় যাইমু। দুই নম্বরি ধরা পড়লেই ধইরা পিটাইমু।’
ঠিকাদারি প্রতিষ্ঠান ও পুলিশ সূত্রে জানা যায়, প্রায় এক সপ্তাহ আগে সাংসদের কয়েকজন অনুসারী ঠিকাদারি প্রতিষ্ঠানটির কাছে চাঁদা দাবি করেন। এর জের ধরে রাজু শিকদার নামের এক নির্মাণকর্মীকে মারধর করেন চাঁদাবাজেরা। এ ঘটনায় ১০ অক্টোবর তিনজনকে আসামি করে থানায় মামলা করেন রাজু। এর এক সপ্তাহ পর প্রধান আসামি শাহনুর মিয়াকে গ্রেপ্তার করে পুলিশ। গত বৃহস্পতিবারশাহনুরকে আদালতে হাজির করা হলে তাঁর দুই দিনের রিমান্ড মঞ্জুর হয়। এরপর ওই দিনই বেলা ১১টার দিকে সাংসদ প্রকল্প এলাকায় গিয়ে কাজ বন্ধ করে দেন।
বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুদ্দোহা গতকাল সন্ধ্যায় বলেন, শাহনুর কার লোক, তাঁর পরিচয় কী, এসব বিষয় তদন্ত করা হচ্ছে। দুই দিনের রিমান্ডে তাঁকে এসব বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হবে।
ঠিকাদারি প্রতিষ্ঠানটির অভিযোগ, এর আগে সাংসদ নিজে ওই কাজের জন্য ৩০ লাখ টাকা চাঁদা দাবি করেন। তা না দেওয়ায় অনুসারীদের দিয়ে আবারও চাঁদা দাবি করেন। এ বিষয়ে সাংসদ বলেন, ‘এখন তো কত কথাই কইব ওরা। আমি কেয়ার করি না।’
সিলেটে স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের তদারকিতে প্রায় ১১ কোটি টাকা ব্যয়ে ৩০ শয্যার বিশ্বনাথ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি ৫০ শয্যায় উন্নীতকরণ চলছে। অনিক ট্রেডিং করপোরেশন নামের ঢাকার একটি ঠিকাদারি প্রতিষ্ঠান কাজটি করছে। গত ১২ ফেব্রুয়ারি থেকে কাজ শুরু হয়। জুনে কাজ শেষ করার কথা রয়েছে। প্রায় ৫০ ভাগ কাজ শেষ হয়েছে।
বিশ্বনাথ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রকল্প এলাকার আশপাশের বাসিন্দা ও কয়েকজন প্রত্যক্ষদর্শী বলেন, বৃহস্পতিবার সাংসদ ১৩ থেকে ১৪ জন লোক নিয়ে প্রকল্প এলাকায় আসেন। তাঁরা প্রথমে পাথরের স্তূপ দেখেই বলেন, এগুলো নষ্ট। এরপর অন্যান্য কাজ দেখে পাথরগুলো ফেলে দিতে বলেন। এতে সহকারী প্রকৌশলী বাধা দিলে তিনি পাথর পরীক্ষার রিপোর্ট দেখতে চান। নইলে প্রকৌশলীদের পেটানোর হুমকি দেন।
গতকাল শুক্রবার বিকেলে প্রকল্প এলাকায় গিয়ে স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের একজন সহকারী প্রকৌশলীকে ও ঠিকাদারি প্রতিষ্ঠানের ব্যবস্থাপককে পাওয়া যায়। সহকারী প্রকৌশলী অঞ্জন কুমার মণ্ডল বলেন, সাংসদের নির্দেশনায় কাজ বন্ধ রাখা হয়েছে।
মুঠোফোনে যোগাযোগ করা হলে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী মো. মনিরুল হক বলেন, সাংসদ আজ শনিবার নির্বাহী প্রকৌশলীসহ তাঁদের প্রকল্প এলাকায় থাকার কথা জানিয়েছেন। সেখানে থাকবেন কি না, জানতে চাইলে তিনি বলেন, ‘আমরা তো চাকরি করি, থাকতে তো হবেই। তবে সাংসদ মহোদয় যে কারণে থাকতে বলেছেন, সেসবের কোনো কিছুই সেখানে ঘটেনি।’
এর আগে ২২ জুলাই ওসমানীনগর উপজেলার গোয়ালাবাজার মহিলা কলেজ ভবন রড ছাড়া নির্মাণের অভিযোগে কাজ বন্ধ করে দেন সাংসদ ইয়াহইয়া। এ সময় তিনি একজন উপসহকারী প্রকৌশলী ও ঠিকাদারের সহযোগীদের পেটানোর প্রস্তুতি নিলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। এ ঘটনায় কলেজের অধ্যক্ষ আবদুল মুকিত বাদী হয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর সিলেটের উপসহকারী প্রকৌশলী, দুই ঠিকাদারসহ পাঁচজনের বিরুদ্ধে মামলা করেন। এর তদন্ত এখনো চলছে।
তদন্ত সম্পর্কে জানতে চাইলে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর সূত্র জানায়, প্রায় ৯০ ভাগ কাজ শেষ হওয়ার পর সাংসদের এভাবে দুর্নীতি ধরার বিষয়টি নিয়ে প্রশ্ন উঠেছে। এ জন্য তদন্ত কার্যক্রম স্থগিত রাখা হয়েছে। এ বিষয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী নজরুল হাকিম কোনো মন্তব্য করতে চাননি। তবে উপসহকারী প্রকৌশলী তাজুল ইসলামের দাবি, সাংসদ ভবনের যে পিলার ভেঙেছিলেন, সেটিতে রডের একাংশ বাঁকা ছিল। তা ছাড়া পুরো ভবন যথাযথভাবে হয়েছে। তদন্তে এসব বিষয় এসেছে।
জানতে চাইলে সিলেট-২ আসনের সাবেক সাংসদ ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী বলেন, ‘যা হচ্ছে, সবই আকাম। আমার এলাকা, আমি তো প্রতিদিন খবর রাখি। স্বাস্থ্য কমপ্লেক্সের কাজ যথাযথভাবেই হচ্ছে। আমি স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রকৌশলীদের বলেছি, আপনারা সাংসদের নির্দেশে সেখানে যাবেন না। দেখি উনি কী করতে পারেন।’
পুলিশ সুপার (এসপি) মো. মনিরুজ্জামান বলেন, সাংসদের হুমকি দেওয়ার বিষয়টি তাঁদের কেউ জানাননি। জানালে খোঁজ নেবেন।