সাইকেল, টিভি না পেয়ে স্ত্রীকে মারধর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরের তারাগঞ্জে যৌতুক না পেয়ে এক গৃহবধূকে তাঁর স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন মারধর করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল শুক্রবার উপজেলার রহিমাপুর গ্রামে এ ঘটনা ঘটে।
ওই গৃহবধূর নাম আকলিমা বেগম (২৩)। তিনি রহিমাপুর গ্রামের আশরাফুল ইসলামের (২৬) স্ত্রী। পুলিশ গতকাল স্বামীর বাড়ি থেকে আকলিমাকে আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করিয়েছে।
পুলিশ ও আকলিমার পারিবারিক সূত্রে জানা গেছে, আকলিমা তারাগঞ্জের দোলাপাড়া গ্রামের আনোয়ারুল হকের মেয়ে। তিন বছর আগে রহিমাপুর গ্রামের নুরুজ্জামানের ছেলে আশরাফুল ইসলাম আকলিমাকে বিয়ে করেন। গত সেপ্টেম্বর মাসে যৌতুক হিসেবে বাইসাইকেল, টেলিভিশন ও ঘরের আসবাবের জন্য আকলিমাকে নির্যাতন করে বাবার বাড়ি পাঠিয়ে দেন তাঁর স্বামী। এ নিয়ে ১২ নভেম্বর সয়ার ইউনিয়ন পরিষদে সালিস হয়। সালিসে আশরাফুল বাইসাইকেল, টেলিভিশন ও ঘরের আসবাব দাবি করার বিষয়টি অস্বীকার করলে আকলিমাকে স্বামীর বাড়ি পাঠিয়ে দেওয়া হয়।
গতকাল শুক্রবার সকালে একই দাবিতে আকলিমাকে মারধর করে ঘরে আটকে রাখেন আশরাফুল। লোকমুখে ঘটনাটি জেনে আকলিমার মা-বাবা বেলা সাড়ে ১১টায় আকলিমাকে উদ্ধার করতে গেলে আশরাফুল তাঁদেরও মারধর করেন।
আকলিমার মা রাহেনা বেগম বলেন, ‘হামরা গরিব মানুষ। মাইনসের বাড়িত কাম করি খাই। জমি ব্যাচে ৬০ হাজার টাকা জামাইক (আশরাফুলকে) দিছি। সাইকেল, টিপি (টেলিভিশন), ঘরের সাজ দিবার না পাওয়ায় বেটিটাক মারি হাত-পাও ফুলি দিছে। বেটিটাক আইনবার গেইলে জামাই হামাকো মারে।’
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা শাহ্ জাহান বলেন, ‘ওই গৃহবধূর শরীরে আঘাতের চিহ্ন রয়েছে।’
আশরাফুলের বাড়িতে গিয়ে তাঁকে পাওয়া যায়নি। মুঠোফোনে তিনি বলেন, ‘এখন ব্যস্ত, পরে সাক্ষাতে কথা বলব।’
তারাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোসাব্বিরুল হক বলেন, ‘ওই গৃহবধূকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।