সাইকেলে করে সোনা পাচার, আটক ইমাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শুল্ক বিভাগের চোখ এড়াতে একটি বেবি সাইকেলের ভেতরে ৩৬টি সোনার বার লুকিয়ে রেখেছিলেন জামাল উদ্দিন নামে দুবাইফেরত এক যাত্রী। কিন্তু এতেও রক্ষা পাননি বাংলাদেশ বিমানের এই যাত্রী। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামার পর আজ সকাল সাড়ে ১০টায় জামালউদ্দিনকে আটক করে শুল্ক কর্তৃপক্ষ।

শুল্ক কর্তৃপক্ষের ভাষ্য অনুযায়ী, প্রতিটি সোনার বারের ওজন ১১৬ গ্রামের মতো। সব মিলিয়ে ৩৬টি সোনার বারের ওজন চার কেজি ২০০ গ্রামের মতো। যার মূল্য প্রায় দুই কোটি ১০ লাখ টাকা।
জামালউদ্দিনের বাড়ি চট্টগ্রামের ফটিকছড়িতে। তিনি দুবাইয়ের একটি মসজিদের ইমাম বলে জানিয়েছে শুল্ক কর্তৃপক্ষ।
ঢাকা কাস্টমস হাউসের সহকারী কমিশনার সম্প্রীতি প্রামাণিকের নেতৃত্বে শুল্ক কর্তৃপক্ষের একটি দল জামালউদ্দিনকে আটক করে। সম্প্রীতি প্রামাণিক প্রথম আলোকে বলেন, অভিনব কায়দায় সোনার বারগুলো পাচার করছিলেন জামালউদ্দিন। একটি ছোট বেবি সাইকেলের রডের ভেতরে ঢুকিয়ে সোনার বারগুলো পাচার করা হচ্ছিল।
অবশ্য প্রাথমিক জিজ্ঞাসাবাদে শুল্ক কর্তৃপক্ষকে জামালউদ্দিন জানান, দুবাইয়ের এক ব্যক্তি সাইকেলটি ঢাকায় পৌঁছে দেওয়ার জন্য তাঁকে দিয়েছিলেন। জামালউদ্দিনের দাবি, সাইকেলের ভেতরে সোনার বার থাকার বিষয়টি তিনি জানতেন না।
এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে শুল্ক কর্তৃপক্ষ।