সাইদুরের হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তি দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাইদুর রহমানের হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তিসহ পাঁচ দফা দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেন সরকারি মুসলিম উচ্চবিদ্যালয়ের সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা। বিপণিবিতান (নিউমার্কেট) এলাকা, চট্টগ্রাম, ২৯ জুলাই। ছবি: সৌরভ দাশ
সাইদুর রহমানের হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তিসহ পাঁচ দফা দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেন সরকারি মুসলিম উচ্চবিদ্যালয়ের সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা। বিপণিবিতান (নিউমার্কেট) এলাকা, চট্টগ্রাম, ২৯ জুলাই। ছবি: সৌরভ দাশ

নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র সাইদুর রহমানের (পায়েল) হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে চট্টগ্রামে মানববন্ধন হয়েছে। নগরের সরকারি মুসলিম উচ্চবিদ্যালয়ের সামনে আজ রোববার দুপুরে ‘সরকারি মুসলিম উচ্চবিদ্যালয়ের সাধারণ ছাত্রবৃন্দ’ ও ‘সরকারি মুসলিম উচ্চবিদ্যালয়ের ২০১৩ ব্যাচ’ যৌথভাবে এই কর্মসূচির আয়োজন করে।

সাইদুর ২০১৩ সালে সরকারি মুসলিম উচ্চবিদ্যালয় থেকে এসএসসি পাস করেন। কর্মসূচিতে এই শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, সাবেক শিক্ষার্থী এবং বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতা-কর্মীরা অংশ নেন।

মানববন্ধনে বক্তারা পাঁচ দফা দাবি মেনে নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান। এগুলো হচ্ছে হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তি প্রদান, দ্রুত বিচার আইনে মামলা পরিচালনা, পরিবহনশ্রমিকদের মধ্যে মানবিকতা জাগ্রত করা, হানিফ পরিবহন বর্জন এবং সাইদুরের পরিবারকে হানিফ পরিবহনের পক্ষ থেকে ১০ কোটি টাকা ক্ষতিপূরণ।

মানববন্ধনে বক্তারা বলেন, হানিফ পরিবহনের চালক ও কর্মীরা নৃশংসভাবে খুন করে সাইদুরকে। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। ঘটনার নয় দিন পার হলেও এখন পর্যন্ত হানিফ পরিবহনের পক্ষ থেকে কোনো সমবেদনা জানানো হয়নি।

মানববন্ধনে বক্তব্য দেন সরকারি মুসলিম উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম জিয়াউল হায়দার, সহকারী শিক্ষক আকতার হোসাইন, সাইদুরের বাবা গোলাম মাওলা, সন্দ্বীপ অ্যাসোসিয়েশনের যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউল হাসান, সাংবাদিক সারোয়ার সুমন প্রমুখ।
মানববন্ধন শেষে বর্তমান ও সাবেক শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি নিউমার্কেট মোড়ে এসে শেষ হয়।

২১ জুলাই রাতে হানিফ এন্টারপ্রাইজের শীতাতপনিয়ন্ত্রিত বাসে চট্টগ্রাম থেকে ঢাকায় যাওয়ার পথে নিখোঁজ হয়েছিলেন সাইদুর। ২৩ জুলাই মুন্সিগঞ্জের গজারিয়ার ভবের চরে নদীতে তাঁর লাশ পাওয়া যায়। পরে পুলিশ বাসচালক জালাল, সুপারভাইজার জনি ও চালকের সহকারী ফয়সালকে আটক করে। চট্টগ্রামের বাসা থেকে ঢাকায় যাওয়ার পথে নারায়ণগঞ্জের মদনপুর এলাকায় ‘বাথরুম’ পেয়েছে বলে যানজটে থেমে থাকা বাস থেকে নেমেছিলেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র সাইদুর রহমান। এর মধ্যেই যানজট কিছুটা ছাড়লে বাস এগোতে থাকে। সাইদুর দৌড়ে এসে বাসে উঠতে গিয়ে নাকে–মুখে আঘাত পান। রক্ত বের হতে থাকে। আহত যাত্রীকে চিকিৎসা দেওয়ার বদলে বাসটির চালক, সুপারভাইজার ও চালকের সহকারী মিলে একটি সেতু থেকে নদীতে ফেলে দেন বলে আদালতে স্বীকারোক্তি দেন সুপারভাইজার মো. জনি।