সাইনবোর্ড ঝোলানো নিয়ে দুই প্রতিষ্ঠানের কর্মীদের হাতাহাতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর শাহবাগে বেতার সদর দপ্তরের সীমানাদেয়ালে সাইনবোর্ড ঝোলানো নিয়ে গতকাল মঙ্গলবার দুপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) কর্মকর্তা-কর্মাচারীদের সঙ্গে বেতারের কর্মীদের হাতাহাতি হয়েছে। এতে উভয় পক্ষের কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে।
বিএসএমএমইউর কর্মকর্তারা বলেন, বেতার সদর দপ্তরের কর্মীরা বিএসএমএমইউর তিন কর্মীকে ধরে ভেতরে নিয়ে যান। তাঁরা বিএসএমএমইউর একজন কর্মীকে পিটিয়ে গুরুতর জখম করেন। এ খবর ছড়িয়ে পড়লে বিএসএমএমইউর অন্য কর্মীরা বেতার সদর দপ্তরে ঢুকে তাঁদের তিন সহকর্মীকে উদ্ধার করে আনেন।
যোগাযোগ করা হলে বিএসএমএমইউর উপাচার্য কামরুল আহসান খান প্রথম আলোকে বলেন, বেতার সদর দপ্তরের জমি বিএসএমএমইউর নামে ইতিপূর্বে দলিল করে নেওয়া হয়েছে। তাঁরা ওই জমির খাজনাও পরিশোধ করেছেন। জমি হস্তান্তরে স্বাস্থ্য, তথ্য ও ভূমি মন্ত্রণালয়ের আন্তমন্ত্রণালয় কমিটির একাধিকবার সভাও হয়েছে। ওই কমিটির অনুমতি নিয়ে বিএসএমএমইউর নামে সাইনবোর্ড ঝোলাতে গেলে বেতার সদরের কর্মীরা বাধা দেন এবং তাঁদের একজন কর্মচারীকে পিটিয়ে গুরুতর জখম করেন।
কিন্তু বেতারের কর্মকর্তারা বলেন, বেতার সদর দপ্তর স্থানান্তরিত হওয়ার পর বিএসএমএমইউ অবশ্যই দায়িত্ব নেবে। কিন্তু তারা কোনো নোটিশ ছাড়াই অতর্কিতে এসে সাইনবোর্ড লাগিয়ে দখল নেওয়ার চেষ্টা করে। এটা নিরাপত্তার হুমকি মনে করে বেতারের কর্মচারীরা বাধা দিতে গেলে বিএসএমএমইউর কর্মচারীরা তাঁদের ওপর হামলা চালান। নিরাপত্তা ফটকটিতেও ভাঙচুর করা হয়। এ সময় বেতারের কয়েকজন কর্মচারী আহত হন। এ ব্যাপারে বাংলাদেশ বেতারের মহাপরিচালক কাজী আখতারউদ্দিনের সঙ্গে কথা বলা সম্ভব হয়নি। খুদে বার্তা পাঠিয়ে এবং ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি।
ঢাকা মহানগর পুলিশের রমনা অঞ্চলের জ্যেষ্ঠ সহকারী কমিশনার এস এম শিবলী নোমান প্রথম আলোকে বলেন, পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুই পক্ষকে নিবৃত্ত করে। বিএসএমএমইউর কর্মকর্তাদের অন্তমন্ত্রণালয়ের চিঠি আনতে বলা হলে তাঁরা দেয়ালে সাইনবোর্ড ঝুলিয়ে চলে যান।