নতুন ভবন হয়েছে, চিকিৎসক ও নার্সও রয়েছেন। কিন্তু অর্থাভাবে এখনো চালু হচ্ছে না অন্তর্বিভাগ। ২৫০ শয্যাবিশিষ্ট টিবি হাসপাতালটির সাইনবোর্ডেই শয্যাসংখ্যার কথা উল্লেখ আছে। অভ্যন্তরে কোনো শয্যা নেই।
শ্যামলীর টিবি ক্লিনিকটি এখন ২৫০ শয্যাবিশিষ্ট টিবি হাসপাতাল। গত বছরের মে মাসে গণপূর্ত বিভাগ হাসপাতাল কর্তৃপক্ষকে নতুন ভবনটি বুঝিয়ে দেয়। কিন্তু এই এক বছরেও হাসপাতালটির পুরো কার্যক্রম শুরু হয়নি। এখনো শুধু বহির্বিভাগেই চিকিৎসা হয়। রোগী ভর্তি করা হয় না।
গত সোমবার দুপুরে হাসপাতালে গিয়ে দেখা যায়, চারতলা নতুন ভবনটিতে লোকজন কম। নিচতলায় কয়েকজন রোগী চিকিৎসককে দেখাবেন বলে অপেক্ষা করছেন। সালমা বেগম মিরপুর থেকে এসেছেন। চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা দিয়েছেন। কিছু পরীক্ষা হাসপাতালে করিয়েছেন। তবে বাইরে থেকেও কিছু পরীক্ষা করতে হয়েছে। তিনি বলেন, ‘ডাক্তার ওষুধ খাইতে কইছে, ভালো না অইলে মহাখালী যাওন লাগব।’ নতুন ভবনের নিচতলায় চিকিৎসকেরা বসেন। দোতলায় প্রশাসনিক ভবন। এ ছাড়া পুরো ভবনটি ফাঁকা। দরজা-জানালায় ধুলো জমে আছে।
নাম প্রকাশ না করার শর্তে হাসপাতালের একজন কর্মকর্তা বলেন, ভবনটি বাদে কিছুই দেওয়া হয়নি। এ বছর কিছু বিছানা পেয়েছেন। গ্যাসের সংযোগের জন্য বারবার বলেও কাজ হয়নি। হাসপাতালটি পুরোদমে চালু করতে গেলে যে অর্থ প্রয়োজন, তার বরাদ্দ এখনো পাননি। তাই কিছুই কিনতে পারছেন না। কবে নাগাদ অন্তর্বিভাগ চালু হতে পারে, তা তিনিও জানেন না। অপেক্ষা করছেন মন্ত্রণালয়ের অর্থের জন্য। তিনি আরও বলেন, নামে ২৫০ শয্যার কথা থাকলেও রোগী ভর্তির ব্যবস্থা নেই। কোনো রোগীর সমস্যা বেশি হলে তাকে মহাখালী বক্ষব্যাধি হাসপাতালে পাঠানো হয়। তিনি বলেন, ‘আমাদের হাসপাতালটা চালু করতে পারলে বক্ষব্যাধি হাসপাতালের ওপর চাপ কমে যেত।’
১০ টাকা ফি নিয়ে সকাল আটটা থেকে বেলা দেড়টা পর্যন্ত এখানে রোগী দেখা হয়। নিয়মিত ১৭ জন চিকিৎসক রোগী দেখেন। কর্মকর্তারা বলেন, প্রতিদিন প্রায় ৩০০ রোগী এখানে আসেন। নার্সদের ৫০টি পদ থাকলেও প্রয়োজন হয় না বলে ১০ জন নার্স নিয়েছেন। বেলা দুইটা বাজতেই দেখা গেল হাসপাতালের অনেকে ব্যাগ গুছিয়ে চলে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন। শুধু বহির্বিভাগে চিকিৎসা হয় বলে দুপুরের পরে কেউ থাকে না।