সাইনবোর্ডের সব বরাদ্দই আত্মসাতের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুরের চিরিরবন্দর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো. জিন্দার আলীর বিরুদ্ধে অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচির প্রকল্পে সাইনবোর্ড না লাগিয়ে সেই টাকা আত্মসাতের অভিযোগ পাওয়া গেছে। মো. জিন্দার আলী সম্প্রতি বদলি হয়েছেন।
চিরিরবন্দর পিআইও কার্যালয় সূত্রে জানা গেছে, উপজেলার ১২টি ইউনিয়নে ৬০টি প্রকল্পে গত বছরের ৭ নভেম্বর থেকে কাজ শুরু হয়। শেষ হয় এ বছরের ৭ ফেব্রুয়ারি। নিয়ম অনুযায়ী প্রকল্পের উপকারভোগী ও জনগণের অবগতি নিশ্চিত করতে প্রকল্প বাস্তবায়ন কমিটি প্রকল্প এলাকায় স্থাপিত সাইনবোর্ডের মাধ্যমে বিস্তারিত তথ্য প্রকাশ করবে। প্রতিটি সাইনবোর্ডের আয়তন হবে ৬-১২ বর্গফুট। প্রতিটি সাইনবোর্ড হবে শক্ত কাঠ বা স্টিলের ফ্রেমযুক্ত জিআই সিটের তৈরি। প্রতিটি সাইনবোর্ডের জন্য বরাদ্দ রয়েছে তিন হাজার টাকা। এর মধ্যে শতকরা ১৫ ভাগ ভ্যাট বাদ দিয়ে প্রতিটির জন্য ব্যয় ২ হাজার ৬৫০ টাকা, যা নন-ওয়েজ অর্থ থেকে ব্যয় করতে হবে। সাইনবোর্ডগুলো প্রকল্প শেষের এক মাস পর্যন্ত প্রকল্প এলাকায় টাঙিয়ে রাখতে হবে। এক মাস পর প্রতিটি সাইনবোর্ড ইউনিয়ন পরিষদে (ইউপি) সংরক্ষণ করতে হবে।
৫ ফেব্রুয়ারি সাইতারা, পুনট্টি, ইউসুফপুর ও আবদুলপুর ইউনিয়নে ঘুরে কোনো প্রকল্পের সাইনবোর্ড পাওয়া যায়নি। সাইতাড়া ইউপির চেয়ারম্যান মোকারম হোসেন শাহ্ ও পুনট্টি ইউপির চেয়ারম্যান আতিয়ার রহমান জানান, তাঁদের ইউনিয়নের কোনো প্রকল্পেই সাইনবোর্ড ছিল না। ইউসুফপুর ইউপির চেয়ারম্যান আবু হায়দার লিটন জানান, সাইনবোর্ডগুলো নন-ওয়েজ অর্থ থেকে করার কথা থাকলেও পিআইও নিজের দায়িত্বে তৈরি করে প্রতিটি প্রকল্পে টাঙিয়ে দেওয়ার কথা ছিল। কিন্তু তিনি দেননি।
সাইনবোর্ড লেখক স্মৃতি আর্টের স্বত্বাধিকারী তপন চন্দ্র রায় অভিযোগ করেন, পিআইও জিন্দার আলী তাঁকে ৬০টি সাইনবোর্ড তৈরি করার কথা বলে ১ লাখ ৫৯ হাজার টাকা ভাউচার করে নিয়ে চেকে স্বাক্ষর নিয়ে প্রকল্পের সব টাকা তুলে নেন।
জানতে চাইলে জিন্দার আলী মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘আমি গত ৩১ ডিসেম্বর চিরিরবন্দর থেকে চলে এসেছি। আপনারা দুই মাস পর এসব বিষয় নিয়ে কেন টানাটানি করছেন।’
প্রকল্প কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ফিরোজ মাহমুদ জানান, সাইনবোর্ডের টাকা আত্মসাতের বিষয়ে তিনি কোনো অভিযোগ পাননি।