সাইনবোর্ড আছে নির্দেশনা কেউ মানছেন না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিআ​ইডব্লিউটি​এ ব্যানারের নির্দেশনা ঘেঁষে রয়েছে অবৈধ ভাসমান বস্তি। নদীর পানি তো চোখেই দেখা যায় না৷ খাল ভরে গেছে পলিথিন প্লাস্টিকে৷ ছবিটি রায়েরবাজার থেকে তোলা l প্রথম আলো
বিআ​ইডব্লিউটি​এ ব্যানারের নির্দেশনা ঘেঁষে রয়েছে অবৈধ ভাসমান বস্তি। নদীর পানি তো চোখেই দেখা যায় না৷ খাল ভরে গেছে পলিথিন প্লাস্টিকে৷ ছবিটি রায়েরবাজার থেকে তোলা l প্রথম আলো

খাল বা নদীর পাড়ে অবৈধ স্থাপনা ও ভরাট না করা, পলিথিন-প্লাস্টিক, দৈনন্দিন বর্জ্য না ফেলা এবং পয়ঃসংযোগ না দেওয়ার নির্দেশনামূলক সাইনবোর্ডটি চোখে পড়ার মতোই। কিন্তু বুড়িগঙ্গা নদীর শাখা হিসেবে পরিচিত রায়েরবাজার এলাকার হাইক্কার খালপাড়ে বিআইডব্লিউটিএর এই সাইনবোর্ডটি শুধু সাইনবোর্ড হিসেবেই শোভা পাচ্ছে। তাতে লেখা নির্দেশনা কেউ মানছে না।
গত শনিবার দুপুরে এলাকায় গিয়ে এমন অবস্থাই দেখা যায়। সাইনবোর্ডের পাশেই গড়ে উঠেছে অবৈধ স্থাপনা, এমনকি পাকা ঘরও। শুকনা মৌসুম বলে খালে পানি নেই। শক্ত হয়ে রয়েছে পলিথিন বর্জ্য। সর্বত্র ছড়িয়ে আছে পরিত্যক্ত প্লাস্টিক ও রাবার সামগ্রী।
অবৈধ স্থাপনাগুলো বস্তি হিসেবে ভাড়া দেওয়া। তার বাসিন্দা রহমত উল্লাহ মাসে ৬০০ টাকা ভাড়া দেন বলে জানান। কার কাছে ভাড়া দেন, ভয়ে তা বলতে রাজি হননি।
অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) সূত্র জানায়, আগে হাইক্কার খালের গভীরতা ছিল ১৩ ফুট। দখলে-দূষণে গভীরতা অনেক কমে গেছে। ‘রায়েরবাজার-সংলগ্ন হাইক্কার খাল সঞ্চিত বর্জ্য অপসারণ প্রকল্প’ নামের একটি প্রকল্পে বর্জ্য খনন ও অপসারণকাজ চালানো হয়েছে প্রায় পাঁচ বছর ধরে। জেলা প্রশাসনের জরিপ প্রতিবেদনের ভিত্তিতে বিআইডব্লিউটিএ প্রকল্প নিয়েছে। জলবায়ু পরিবর্তন ট্রাস্ট তহবিলের অর্থায়নে প্রকল্পে হাইক্কার খাল আগের মতো ১৩ ফুট গভীর, চওড়ায় একশ ফুট এবং দুধারে ১০ ফুট করে দুটি রাস্তা করার কথা। কিন্তু বাস্তবে তা দেখা যায়নি।
এ সম্পর্কে বিআইডব্লিউটিএর পরিচালক (বন্দর ও পরিবহন) শফিকুল হক বলেন, হাইক্কার খালে বিআইডব্লিউটিএর সাইনবোর্ডের পাশে যেসব অবৈধ স্থাপনা হয়েছে সরেজমিনে দেখে ব্যবস্থা নেওয়া হবে। প্রকল্পের অগ্রগতির বিষয়ে তিনি খোঁজ নেবেন বলেও জানান।
জানা যায়, জেলা প্রশাসনের ক্যাডেস্ট্রাল জরিপ বা সিএস মাত্রচিত্র এবং নদীতীরের সীমানা লাইন অনুযায়ী ২০১০ সালের ডিসেম্বরে বুড়িগঙ্গা নদী ও সংলগ্ন খালের মুখ নির্ধারণ করা হয়। জরিপে উল্লেখ করা হয়, হাইক্কার খালের বিভিন্ন অংশে স্থানীয় কিছু লোক এবং ভূমিদস্যুরা মাটি ভরাট করে তাদের মালিকানা প্রতিষ্ঠা করেছে। এর ফলে খালের সঠিক স্থান ভিন্ন দিকে সরিয়ে নেওয়া হয়।
জরিপের প্রতিবেদন থেকে জানা যায়, দৈনন্দিন বর্জ্য এবং দীর্ঘদিন ধরে খননসহ সংরক্ষণ না করায় হাইক্কার খালটির বিভিন্ন অংশ শুকিয়ে যায়। খালটি ভরাট হয়ে যাওয়ায় স্থানীয় জনসাধারণ পণ্য ও মালামাল পরিবহন করতে অসুবিধার সম্মুখীন হচ্ছে। এ ছাড়া মোহাম্মদপুর এলাকার নর্দমা ও বৃষ্টির পানি এই খালের মাধ্যমে বুড়িগঙ্গা নদীতে অপসারিত হয়ে থাকে। খালটি ভরাট হয়ে যাওয়ায় মোহাম্মদপুর ও রায়েরবাজার এলাকায় বর্ষা মৌসুমে জলাবদ্ধতার সৃষ্টি হয়।