দিনাজপুরে পাঁচ বছরের শিশুকে ধর্ষণের মামলার আসামি মো. সাইফুল ইসলামের সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। গতকাল বৃহস্পতিবার দিনাজপুর আমলি আদালত-৫-এর বিচারক কৃষ্ণ কমল রায় রিমান্ডের আবেদন মঞ্জুর করেন। পরে আদালত থেকে বের করে প্রিজন ভ্যানে তোলার সময় বিক্ষুব্ধ জনতা সাইফুলকে মারধর করে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে চিকিৎসাধীন ওই শিশুর ক্ষতিগ্রস্ত অঙ্গ থেকে সংক্রমণ রক্তের মাধ্যমে সারা শরীরে ছড়িয়ে পড়তে পারে, এমন আশঙ্কা করছেন চিকিৎসকেরা। তাকে পুষ্টিকর খাবার দেওয়ার পাশাপাশি সংক্রমণ রোধের ব্যবস্থা নিচ্ছেন চিকিৎসকেরা। নয় সদস্যের মেডিকেল বোর্ড ব্যবস্থাপত্র দিচ্ছে।
গতকাল সকালে শিশুটির বাবা টেলিফোনে বলেন, মেয়ের চিকিৎসাসহ যাবতীয় খরচ সরকার বহন করছে।
মেডিকেল বোর্ডের সদস্য হাসপাতালের শিশু সার্জারি বিভাগের প্রধান আশরাফ-উল হক বলেন, শিশুটির রক্তে সংক্রমণ বা সেপটিসিমিয়া হওয়ার ভয় আছে। তবে ধীরে ধীরে তার অবস্থার উন্নতি হচ্ছে।
মামলার তদন্তকারী কর্মকর্তা পার্বতীপুর থানার এসআই স্বপন কুমার চৌধুরী সাইফুলকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে আদালত সাইফুলের সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন এবং অপর আসামি আফজাল হোসেনকে গ্রেপ্তারের জন্য পুলিশের প্রতি নির্দেশ দেন।