সাইফুলের খুনিদের গ্রেপ্তার করতে পারেনি পুলিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লা শহর ছাত্রলীগের সভাপতি মো. সাইফুল ইসলাম হত্যা মামলার কোনো আসামিকে ঘটনার এক সপ্তাহ পরও গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। এদিকে গতকাল শনিবার ভোরে সাইফুল হত্যা মামলার আসামিদের ছবিসংবলিত পোস্টার শহরের বিভিন্ন এলাকায় সাঁটানো হয়েছে।
ছাত্রলীগের নেতা-কর্মী সূত্রে জানা গেছে, ১১ এপ্রিল বিকেলে শহরের কান্দিরপাড় এলাকায় কুমিল্লা দক্ষিণ জেলা ও শহর ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে গোলাগুলি, সংঘর্ষ ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এ সময় শহর ছাত্রলীগের সভাপতি মো. সাইফুল ইসলাম প্রধানকে কুপিয়ে ও গুলি করে গুরুতর জখম করেন একই সংগঠনের প্রতিপক্ষের লোকজন। এ ঘটনায় অন্তত ১০ জন আহত হন। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১২ এপ্রিল সাইফুল মারা যান। এ ঘটনায় ওই দিন রাতে কোতোয়ালি মডেল থানায় ২২ জনের নাম উল্লেখ করে একটি হত্যা মামলা করা হয়। কুমিল্লা পলিটেকনিক ইনস্টিটিউটের সাবেক সহসভাপতি (ভিপি) জহিরুল ইসলাম ওই মামলা করেন। কিন্তু এক সপ্তাহ পেরিয়ে গেলেও এখন পর্যন্ত কোনো আসামিকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।
নাম প্রকাশে অনিচ্ছুক কোতোয়ালি মডেল থানার কয়েকজন পুলিশ সদস্য বলেন, মামলার তদন্ত কর্মকর্তা ও উপপরিদর্শক (এসআই) মো. সামসুদ্দিন চৌধুরী ও এসআই সালাউদ্দিনকে গত বৃহস্পতিবার বদলি করা হয়। পরে অবশ্য ওই বদলি স্থগিত করা হয়। এভাবে পুলিশের ওপর চাপ দিলে মামলার তদন্তকাজ ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে।
এসআই মো. সামসুদ্দিন চৌধুরী বলেন, ‘আসামিরা ঢাকা ও ভারতে চলে যাওয়ায় কাউকে খুঁজে পাওয়া যাচ্ছে না। পুলিশ এ ঘটনার তদন্ত করছে।’
এদিকে সাইফুল হত্যা মামলার আসামিদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে গতকাল ভোরে শহরের বিভিন্ন এলাকায় কয়েক হাজার পোস্টার সাঁটানো হয়েছে। কুমিল্লা নগর ছাত্রলীগের ব্যানারে ওই পোস্টার লাগানো হয়। এতে কয়েকজন অস্ত্রধারীর ছবি ব্যবহার করা হয়েছে।
বিস্ফোরক আইনে আরও একটি মামলা: এদিকে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষের ঘটনার ছয় দিন পর গত শুক্রবার রাতে বিস্ফোরক দ্রব্য আইনে আরও একটি মামলা হয়েছে। কুমিল্লার কোতোয়ালি মডেল থানায় মহানগর যুবলীগের কর্মী কাউছার আলম বাদী হয়ে ২৭ জনের নাম উল্লেখ করে ওই মামলা দায়ের করেন। মামলার উল্লেখযোগ্য আসামিরা হলেন কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ ছাত্র সংসদের সাবেক সহসভাপতি নূর-উর রহমান মাহমুদ তানিম, কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সভাপতি আ ফ ম আহসান উদ্দিন, সাংগঠনিক সম্পাদক আবু তৈয়ব ও কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক কাজী নাহিদুল হক। এ ছাড়া অজ্ঞাতনামা আরও কয়েকজনকে আসামি করা হয়।
মামলার এজাহারে বাদী উল্লেখ করেন, ১১ এপ্রিল বিকেল পাঁচটায় শহরের বাদুরতলা এলাকায় ছাত্রলীগের কর্মী মো. পাভেলকে গুলি করেন আসামিরা। এর মধ্যে তিনটি গুলি পাভেলের শরীরে বিদ্ধ হয়। প্রত্যক্ষদর্শী হিসেবে বাদী ওই মামলা দায়ের করেন।