
গুলশানের হোলি আর্টিজান বেকারির কর্মচারী সাইফুল ইসলাম চৌকিদারের মৃত্যু কীভাবে হয়েছে—জঙ্গিদের হাতে নাকি যৌথ বাহিনীর অভিযানের সময়, তা ঘটনার এক বছর পরও জানা যায়নি। ওই দিন (গত বছরের ১ জুলাই) ঘটনার পর হোলি আর্টিজান থেকে পালিয়ে আসা কর্মচারী, জিম্মিদশা থেকে বেঁচে আসা ব্যক্তিরা বা তদন্তকারী কর্মকর্তাদের কেউই এ বিষয়ে নিশ্চিত করে এখন পর্যন্ত কিছু জানাতে পারেননি।
সাইফুল চৌকিদারের সহকর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, জঙ্গিরা যখন হামলা করতে সেখানে ঢুকছিল, তখন সাইফুল পিৎজা বানানোর ঘরে ছিলেন। জিম্মি ঘটনার পর সাইফুলকে যখন গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া যায়, তখনো তাঁর পরনে শেফের সাদা পোশাক ছিল।
হোলি আর্টিজানে যৌথ বাহিনীর অভিযানের পর পুলিশ সদর দপ্তর থেকে পাঠানো একটি ই-মেইলে সাইফুল চৌকিদারকে ‘নিহত জঙ্গি আকাশ’ নামে অভিহিত করা হয়েছিল। ওই ঘটনায় গুলশান থানায় করা মামলায়ও তাঁকে আসামি করা হয়। অভিযানে নিহত পাঁচ জঙ্গির লাশের সঙ্গে সাইফুলের লাশও গত বছরের ২২ সেপ্টেম্বর জুরাইন কবরস্থানে বেওয়ারিশ হিসেবে দাফন করা হয়। তবে তদন্তে এখন পর্যন্ত তাঁর জঙ্গি-সংশ্লিষ্টতা পাওয়া যায়নি বলে জানিয়েছেন তদন্তসংশ্লিষ্ট কর্মকর্তারা।
সাইফুল চৌকিদারের বাড়ি শরীয়তপুরের নড়িয়া উপজেলার কলুকাঠি গ্রামে। পাঁচ ভাইবোনের মধ্যে তিনি ছিলেন দ্বিতীয়। জীবিকার তাগিদে একসময় জার্মানিতে ছিলেন। পরে দেশে ফেরেন। জঙ্গি হামলার আনুমানিক দেড় বছর আগে হোলি আর্টিজান বেকারিতে পিৎজা শেফ হিসেবে যোগ দেন। তাঁর মৃত্যুর সময় তাঁর স্ত্রী সোনিয়া আক্তার সাত মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। সেই সন্তানের নাম রাখা হয়েছে হাসান। তাঁর দুটি কন্যাশিশুও রয়েছে।
হোলি আর্টিজানের পিৎজা বানানোর ঘরটি ছিল মূল ভবন থেকে আলাদা। মূল ফটক দিয়ে ঢোকার পর হাতের ডান পাশে। ওই ঘরে পিৎজা আর জুস বানানো হতো। সাইফুলের সঙ্গে পিৎজা বানানোয় সহকারী ছিলেন মুন্না। গত বছরের ৭ সেপ্টেম্বর এক সাক্ষাৎকারে প্রথম আলোকে মুন্না বলেন, ‘গ্যাঞ্জামটা শুরু হওয়ার একটু আগে সাইফুল ভাইকে বললাম, ভাই, আমি ভাত খেতে যাচ্ছি। তখন কোনো অর্ডার ছিল না। সাইফুল ভাই বললেন, যাও। আমি দোতলায় গিয়ে ভাত নিয়ে বসলাম। হঠাৎ দেখলাম সবাই ওপরতলায় আসতেছে। বলছে, সন্ত্রাসীরা আসছে, সবাই পালাও। ওই অবস্থায়ই গুলির আওয়াজ শুনলাম।’ তিনি বলেন, এরপর তিনি পালিয়ে বেকারির ছাদে চলে যান। সেখান থেকে একপর্যায়ে পাশের বাড়িতে। সাইফুলের বিষয়ে তিনি আর কিছু জানেন না।
মুন্না বলেন, ‘আমি যখন ওখান থেকে আসি, তখন লেনিন আর সাইফুল ভাইকে রেখে আসি। লেনিন জুস বানাতেন। সাইফুল ভাই খুব হাসিখুশি ছিলেন। তবে কাজ ছাড়া আমাদের মধ্যে কথা হতো খুব কম।’
মুঠোফোনে যোগাযোগ করা হলে লেনিন বলেন, ‘ঘটনার ঠিক আগ মুহূর্তে আমি জুস দিতে ভেতরে গিয়েছিলাম। সাইফুল ভাই তখন পিৎজা-ঘরেই ছিলেন।’
সেদিন পিৎজা-ঘরের কাছেই ফটকে ছিলেন নিরাপত্তাকর্মী নূর আলম। প্রথম আলোকে তিনি বলেন, ‘হঠাৎ দেখলাম পাঁচ-ছয়জনের মতো ছেলে পিঠে ব্যাগ নিয়ে ঢুকতেছে। আমি এগিয়ে যাই। ততক্ষণে একজন বাদে সবাই সামনে চলে গেছে। পেছনের ছেলেটাকে জিজ্ঞেস করলাম, স্যার, আপনারা কই যান? “এই ব্যাটা সর” বলে সে আমাকে আঘাত করে। কী দিয়ে আঘাত করল বুঝিনি। আমি দৌড়ে বাইরে চলে যাই। তারা গেটটা লাগায়া দেয়। সাইফুল কই ছিল বা কী হয়েছে, তা দেখি নাই।’
জঙ্গিদের হামলার সময় হোলি আর্টিজানের নিচতলার টয়লেট ও গোসলখানায় নয়জন কর্মচারী এবং ওপরের তলায় একজন কর্মচারী আটকা পড়েছিলেন। তাঁদের ছয়জনের সঙ্গে কথা হয়েছে এই প্রতিবেদকের। তাঁরাও কেউ সাইফুল চৌকিদারকে ঘটনা চলাকালীন বা এর আগে-পরে ওই ভবনের ভেতর দেখেননি বলে জানান। সাইফুলের স্ত্রী সোনিয়া আক্তারের তথ্যমতে, রাত ১২টার দিকে স্বজনেরা ফোন দিয়ে হোলি আর্টিজানে হামলা হয়েছে বলে জানান। শুনে সাইফুলকে ফোন দিতে থাকেন তিনি। তিনি প্রথম আলোকে বলেন, রাত আনুমানিক একটা পর্যন্ত সাইফুলের ফোনে কল ঢুকেছে। এরপর আর সংযোগ পাওয়া যায়নি।
ঢাকা মহানগর পুলিশের কাউন্টার টেররিজম ইউনিটের উপকমিশনার মোহাম্মদ মহিবুল ইসলাম খান প্রথম আলোকে বলেন, সাইফুল চৌকিদারের মৃত্যু কীভাবে হয়েছে, তা এখনো জানা যায়নি। তদন্তে তাঁর জঙ্গি-সংশ্লিষ্টতা এখনো পাওয়া যায়নি।
সাইফুলের সহকর্মী, স্বজনেরাও বিশ্বাস করেন, হামলাকারী জঙ্গিদের সঙ্গে তাঁর কোনো সংশ্লিষ্টতা ছিল না। হামলাকারী পাঁচ জঙ্গির সঙ্গে জুরাইন কবরস্থানে বেওয়ারিশ হিসেবে দাফন করায় সাইফুলের পরিবারের আক্ষেপের শেষ নেই। তাঁর স্ত্রী বলেন, ‘তাঁর বিরুদ্ধে কিছুই পাইল না। লাশটাও দাফন করতে দিল না। একবারের জন্যও তারা আমাদের কথা ভাবল না।’