সাইফুলের মৃত্যু বোমা বিস্ফোরণে
পান্থপথের হোটেল ওলিও ইন্টারন্যাশনালে নিহত সন্দেহভাজন জঙ্গি সাইফুল ইসলামের মৃত্যু হয়েছে বোমার আঘাতে। ঢাকা মেডিকেল কলেজের ফরেনসিক মেডিসিন বিভাগের প্রধান সোহেল মাহমুদ এ কথা জানান।
সোহেল মাহমুদ বলেন, নিহত সাইফুলের কোমর থেকে একটি ডিভাইস ও তার উদ্ধার করা হয়েছে। তা ছাড়া বোমার স্প্লিন্টার তাঁর ডান চোখ দিয়ে ঢুকে মাথার পেছনের অংশ উড়িয়ে দেয়। আগুনের হল্কায় তার পুরো দেহের লোম পুড়ে যায়। ফলে মৃতদেহটি একদম কালো হয়ে গিয়েছিল।
তবে সাইফুলের দেহে কোনো গুলির আঘাত পাওয়া যায়নি।
এর আগে গতকাল পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্স ন্যাশনাল ক্রাইমের প্রধান মনিরুল ইসলামকে উদ্ধৃত করে ডিএমপি নিউজ জানায়, সকালে ঘটনাস্থলের কাছেই ধানমন্ডি ৩২ নম্বরে জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন চলছিল বলে একটু সময় নিয়ে প্রথমে সাইফুলকে বারবার আত্মসমর্পণের জন্য বলা হয়। কিন্তু আহ্বানে সাড়া না দেওয়ায় অভিযানের সিদ্ধান্ত নেওয়া হয়। অভিযানের একপর্যায়ে সোয়াট গুলি করতে করতে ওই রুমের সামনে চলে যায় এবং ভেতরে কাঁদানে গ্যাস মারতে থাকে। তখনই ভেতর থেকে একটি বিস্ফোরণ ঘটানো হয়। গুলি এবং বিস্ফোরণে দরজা ভেঙে গেলে সাইফুল বোমাসহ বেরিয়ে আসে। এই সময় সোয়াট সদস্যরা গুলি চালান। সাইফুলের সঙ্গে থাকা বোমাটিও বিস্ফোরিত হয়। ফলে তাঁর মৃত্যু হয় এবং হোটেলের দেয়াল ও রেলিংসহ ভেঙে পড়ে।