সাঈদীর বাড়ি পিরোজপুরে নীরব জামায়াত
হরতাল চলাকালে দেলাওয়ার হোসাইন সাঈদীর বাড়ি পিরোজপুরে জামায়াতে ইসলামীর সক্রিয় কোনো কর্মকাণ্ড দেখা যায়নি। আজ বৃহস্পতিবার সকাল থেকে জেলার কোথাও পিকেটিং, মিছিল চোখে পড়েনি।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, পিরোজপুর শহর, জিয়ানগর উপজেলাসহ (সাঈদীর বাড়ি) জেলার কোথাও হরতালের সমর্থনে জামায়াত ও শিবিরের নেতা-কর্মীদের কোনো তৎপরতা নেই। সেখানে দূরপাল্লার বাস ছাড়া সব ধরনের গাড়ি চলাচল করছে। দোকানপাট খোলা রয়েছে। জনজীবন স্বাভাবিক।
পিরোজপুর জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি আবদুর রব প্রথম আলোকে বলেন, ভোর ছয়টার দিকে হরতালের সমর্থনে শহরের পুরাতন বাসট্যান্ড এলাকায় জামায়াত-শিবিরের কর্মীরা মিছিল করেছেন। জিয়ানগরে ভোর থেকে জামায়াত ও শিবিরের নেতা-কর্মীদের তৎপরতা দেখা যায়নি।
জিয়ানগরের ইন্দুরকানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান তালুকদার জানান, জিয়ানগরের জনজীবন স্বাভাবিক রয়েছে। এখানে কোনো হরতাল পালিত হচ্ছে না।
পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রাজ্জাক মোল্লা বলেন, হরতালে যাতে নাশকতার ঘটনা না ঘটে, এ জন্য আইনশৃঙ্খলা রক্ষকারী বাহিনী সতর্ক রয়েছে। হরতালের সমর্থনে শহরের কোথাও পিকেটিং হয়নি।