সাকা রাজনৈতিক প্রতিহিংসার শিকার: বিএনপি
মানবতাবিরোধী অপরাধের দায়ে দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীকে ‘অন্যায্যভাবে’ মৃত্যুদণ্ডাদেশ দেওয়া হয়েছে বলে মনে করে বিএনপি। দলটির অভিযোগ, তিনি রাজনৈতিক প্রতিহিংসার শিকার।
গতকাল বুধবার বিকেলে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলের আনুষ্ঠানিক এই প্রতিক্রিয়া তুলে ধরেন বিএনপির মুখপাত্র আসাদুজ্জামান রিপন। সাকা চৌধুরীর মৃত্যুদণ্ডাদেশ বহাল রেখে দেওয়া আপিল বিভাগের রায়ের প্রতিক্রিয়ায় তিনি বলেন, মৃত্যুদণ্ডাদেশ বহাল থাকায় বিএনপি হতাশ, বিস্মিত, বেদনাহত ও সংক্ষুব্ধ।
এটি আনুষ্ঠানিক প্রতিক্রিয়া হলেও দলে এ রায় নিয়ে মিশ্র প্রতিক্রিয়া রয়েছে। কেউ কেউ মনে করেন সাকা চৌধুরীর এ সাজা প্রাপ্য। দলটির স্থায়ী কমিটির একজন সদস্য নাম প্রকাশ না করার শর্তে প্রথম আলোকে বলেন, সাকা চৌধুরী একজন প্রভাবশালী মানুষের ছেলে, নিজেও প্রভাবশালী, অর্থশালী। অনেকে ধারণা করেছিল তাঁর কিছু হবে না। কিন্তু সত্য একসময় প্রকাশিত হয়। সত্য তার জয়গান গায়।
স্থায়ী কমিটির আরেক সদস্য প্রথম আলোকে বলেন, সালাউদ্দিন কাদের চৌধুরী দলের জ্যেষ্ঠ নেতা হলেও তাঁর আঞ্চলিক কিছু অনুসারী আছেন, এর বাইরে সামগ্রিকভাবে তেমন কিছু নেই। আনুষ্ঠানিকভাবে দলে এ নিয়ে কোনো আলোচনা হয়নি। এ রায় নিয়ে দলে খুব বেশি আলোচনা না থাকলেও মিশ্র প্রতিক্রিয়া আছে। তবে তিনি মনে করেন, এ বিচার সুষ্ঠু হয়নি।
জানতে চাইলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য জমির উদ্দিন সরকার প্রথম আলোকে বলেন, রায়ে তিনি ক্ষুব্ধ, ভারাক্রান্ত। তিনি মনে করেন, রিভিউতে সালাউদ্দিন কাদের চৌধুরী খালাস পেতে পারেন বা তাঁর সাজা কমতে পারে।
সালাউদ্দিন কাদের চৌধুরী এখন পর্যন্ত বিএনপির পদধারী একমাত্র নেতা, যাঁর বিরুদ্ধে মুক্তিযুদ্ধকালে মানবতাবিরোধী অপরাধের দায়ে সাজা হলো। এর বাইরে বিএনপির রাজনৈতিক মিত্র জামায়াতে ইসলামীর একাধিক শীর্ষস্থানীয় নেতার বিরুদ্ধে সাজা হয়েছে, কারও কারও সাজা কার্যকরও হয়েছে। বিএনপি বরাবরই জামায়াত নেতাদের রায় নিয়ে চুপ ছিল। দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী পর্ষদ জাতীয় স্থায়ী কমিটির সদস্য সাকা চৌধুরীর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ ট্রাইব্যুনালের রায়ের পর ২০১৩ সালের ২ অক্টোবর প্রথম আনুষ্ঠানিকভাবে মুখ খুলেছিল বিএনপি। সে সময় প্রতিক্রিয়া জানিয়ে সারা দেশে বিক্ষোভও দিয়েছিল বিএনপি। এবার আপিলের রায়ে প্রতিক্রিয়া জানালেও কোনো কর্মসূচি দেয়নি দলটি।
আপিলের রায়ের প্রতিবাদে বিএনপি কোনো কর্মসূচি দেবে কি না—গতকালের সংবাদ সম্মেলনে এমন প্রশ্নের জবাবে আসাদুজ্জামান বলেন, এখনো রিভিউর সুযোগ আছে। তাঁরা আশা করছেন, রিভিউতে সালাউদ্দিন কাদের ন্যায়বিচার পাবেন। দণ্ডাদেশ বহাল থাকায় দল থেকে সালাউদ্দিনকে বহিষ্কার করা হবে কি না, জানতে চাইলে তিনি বলেন, এখন পর্যন্ত বিষয়টি বিচারাধীন। বিএনপি আশা করছে, সব ধরনের রাজনৈতিক প্রভাব ও চাপমুক্ত হয়ে রিভিউর রায় দেওয়া হবে।
আসাদুজ্জামান বলেন, বিএনপি এই বিচারের পক্ষে। কিন্তু বিচারের প্রক্রিয়া হতে হবে সকল রাজনৈতিক প্রভাব ও চাপমুক্ত পরিবেশে, স্বচ্ছ এবং জাতীয় ও আন্তর্জাতিক মানদণ্ডের ওপর ভিত্তি করে।