সাকার ছেলে হুম্মামকে আটকের অভিযোগ
একাত্তরের মানবতাবিরোধী অপরাধে ফাঁসি কার্যকর হওয়া বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর ছোট ছেলে হুম্মাম কাদের চৌধুরীকে পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা তুলে নিয়ে গেছেন বলে অভিযোগ করেছেন তাঁর আইনজীবীরা।
হুম্মাম কাদের চৌধুরীর আইনজীবী আমিনুল গণী টিটোর সহকারী আইনজীবী চৌধুরী মো. গালিব রাগীব প্রথম আলোকে বলেন, মানবতাবিরোধী অপরাধের মামলায় ২০১৩ সালের ১ অক্টোবর সালাউদ্দিন কাদেরকে মৃত্যুদণ্ডাদেশ দেওয়া হয়। এই রায় ফাঁস করার মামলার শুনানিতে হাজিরা দিতে আজ বৃহস্পতিবার দুপুর পৌনে ১২টার দিকে ব্যক্তিগত গাড়িতে ঢাকার মহানগর দায়রা জজ আদালতের সামনের রাস্তায় আসেন হুম্মাম। তখন তিন-চারজন লোক নিজেদের ডিবি পরিচয়ে হুম্মামকে বলেন, তাঁর বিরুদ্ধে অন্য মামলার গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। এ সময় হুম্মাম তাঁদের কাছে পরোয়ানা দেখতে চান। এরপর তাঁকে একটি সাদা মাইক্রোবাসে তুলে নিয়ে যাওয়া হয়।
হুম্মামের আইনজীবী আমিনুল গণী টিটো প্রথম আলোকে বলেন, হুম্মামকে তুলে নিয়ে যাওয়ার বিষয়টি তিনি ঢাকার সাইবার ট্রাইব্যুনালে লিখিতভাবে জানিয়েছেন।
তবে হুম্মামকে আটক করা বা গ্রেপ্তারের বিষয়ে কোনো তথ্য নেই বলে প্রথম আলোকে জানান ঢাকা মহানগর পুলিশের উপকমিশনার (তথ্য ও জনসংযোগ) মাসুদুর রহমান।