নির্বাচনী সহিংসতা বিষয়ে সিইসি
সাক্ষী না পাওয়ায় দোষী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যাচ্ছে না
উপজেলা নির্বাচনে ভোটকেন্দ্র দখল বা সহিংসতার কিছু ঘটনা ঘটলেও সাক্ষী না পাওয়ায় দোষী ব্যক্তিদের বিরুদ্ধে আইিন ব্যবস্থা নেওয়া যাচ্ছে না বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দীন আহমদ। তিনি বলেন, যেসব উপজেলায় নির্বাচনী সহিংসতা বা ভোটকেন্দ্র দখলের ঘটনা ঘটেছে, সেখানে নির্বাচন বাতিল করা হয়েছিল।
গতকাল বৃহস্পতিবার দুপুরে খুলনায় ‘প্রার্থী ব্যবস্থাপনা পদ্ধতি ও ফলাফল ব্যবস্থাপনা পদ্ধতি’ শীর্ষক অভিজ্ঞতা বিনিময় কর্মশালা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন সিইসি। শহরের একটি হোটেলে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। স্ট্রেনদেনিং ইলেকশন ম্যানেজমেন্ট ইন বাংলাদেশ প্রকল্পের আওতায় এ কর্মশালার আয়োজন করা হয়।
প্রধান অতিথির বক্তৃতায় সিইসি তিনি বলেন, গণতন্ত্রকে এগিয়ে নিতে রাজনৈতিক দলগুলোকে দোষারোপের রাজনীতি থেকে বের হয়ে আসতে হবে। বিভেদ, ভুল-েবাঝাবুঝির অবসান ঘটাতে হবে। রাজনৈতিক সমাঝোতা হলে সবাই যেটা চায়, সেটা হতে কোনো সমস্যা নেই।
প্রধান নির্বাচন কমিশনার বলেন, আগামী নির্বাচনে ক্যান্ডিডেট ম্যানেজমেন্ট সিস্টেমস (কেএমএস) ও রেজাল্ট ম্যানেজমেন্ট সিস্টেমস (আরএমএস) সফটওয়্যারের মাধ্যমে কাজ হবে। গত উপজেলা নির্বাচনে এ দুটি সফটওয়্যারের পরীক্ষামূলক প্রয়োগ হয়েছে। উন্নত ও অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে কমিশনকে যুগোপযোগী করার চেষ্টা চলছে।
নির্বাচন কমিশন সচিব সিরাজুল ইসলামের সভাপতিত্বে কর্মশালায় বক্তৃতা করেন নির্বাচন কমিশনার মো. আবু হাফিজ, খুলনা বিভাগীয় কমিশনার মো. আবদুস সামাদ, অতিরিক্ত বিভাগীয় কমিশনার অশোক কুমার বিশ্বাস, খুলনা জেলা প্রশাসক আনিস মাহমুদ। স্বাগত বক্তব্য দেন খুলনা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মুজিবুর রহমান।
কর্মশালায় খুলনা বিভাগের ১০ জেলার জেলা প্রশাসক, অতিরিক্ত জেলা প্রশাসক, জেলা ও উপজেলা নির্বাচন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।