সাক্ষ্য গ্রহণ শেষে জেএমবির ৪ নারী সদস্য কারাগারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সন্ত্রাসবিরোধী ও বিস্ফোরক দ্রব্য আইনে দায়ের করা মামলায় সাক্ষ্য গ্রহণ শেষে আটক জেএমবির চার নারী সদস্যকে কারাগারে পাঠিয়েছেন আদালত। আজ বুধবার দুপুরে সিরাজগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক জাফরোল হাসান আসামি চারজনের উপস্থিতিতে সাক্ষীদের সাক্ষ্য গ্রহণ করে শেষে তাঁদের কারাগারে পাঠানোর আদেশ দেন। 

জেএমবির চার নারী সদস্য হলেন সলঙ্গা থানার বাদুল্লাপুর গ্রামের মাহবুবুর রহমান ওরফে মাহবুবের স্ত্রী নাদিরা তাবাসসুম রানী (৩০), বগুড়ার শাহজাহানপুর উপজেলার ক্ষুদ্র ফুলকোটের মো. খালিদ হাসানের স্ত্রী হাবিবা আক্তার ওরফে মিশু (১৮), গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ থানার বোচাগঞ্জ গ্রামের মনিরুল ইসলাম সরদার ওরফে মামুনের স্ত্রী রুমানা বেগম (১৯) ও বগুড়ার শাহজাহানপুর উপজেলার পরানবাড়ীয়া গ্রামের রফিকুল সুজন আহমেদ বিজয়ের স্ত্রী রুমানা আক্তার ওরফে রুমা (২১)।
গত বছরের ২৩ জুলাই রাতে সিরাজগঞ্জ পৌর এলাকার মাছুমপুর মহল্লা থেকে বিপুল পরিমাণ জিহাদি বই, ককটেল ও গ্রেনেড তৈরির সরঞ্জামাদিসহ জেএমবির এসব নারী সদস্যকে আটক করে গোয়েন্দা (ডিবি) পুলিশ। পরে সিরাজগঞ্জ গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক (এসআই) রওশন আলী বাদী হয়ে সিরাজগঞ্জ সদর থানায় সন্ত্রাসবিরোধী ও বিস্ফোরক দ্রব্য আইনে তাঁদের বিরুদ্ধে মামলা করেন। গতকাল বুধবার এ মামলায় পাঁচজনের সাক্ষ্য গ্রহণ করেন আদালত।