সাক্ষ্য দেওয়ায় পিটিয়ে হত্যার অভিযোগ
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায় সালিসে সাক্ষ্য দেওয়ায় মো. পুলিশ মিয়া (৪০) নামের এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল বুধবার সকালে উপজেলার পূর্বভাগ ইউনিয়নের পূর্বভাগ গ্রামে এ ঘটনা ঘটে।
খবর পেয়ে দুপুরে পুলিশ ঘটনাস্থলে পৌছে তাঁর লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। পুলিশ মিয়া চামড়ার ব্যবসায়ী ছিলেন। এ ঘটনায় জড়িত সন্দেহে মো. মহরম আলী (৬০) নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
এলকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, হবিগঞ্জের লাখাই থানার মোড়াকরি ইউপির চেয়ারম্যান লিয়াকত আলীর ইটভাটায় শ্রমিক দেওয়ার কথা বলে পূর্বভাগ গ্রামের মহরম আলীর ছেলে আকসির মিয়া গত বছর চার লাখ টাকা নেন। ওই টাকা লেনদেনের সময় সাক্ষী হিসেবে উপস্থিত ছিলেন একই গ্রামের পুলিশ মিয়া। তিন-চার মাস আগে এ ঘটনাকে কেন্দ্র করে নাসিরনগর উপজেলার পূর্বভাগ গ্রামের বাজারে সালিস হয়। সে সময় পুলিশ মিয়া এ ব্যাপারে সাক্ষ্যও দেন।
এ ঘটনার জের ধরে প্রতিবেশী আকসির মিয়া ও তাঁর লোকজন গতকাল সকাল নয়টার দিকে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে পুলিশ মিয়ার বাড়িতে হামলা চালান। তাঁরা পুলিশ মিয়ার কয়েকটি ঘরে ভাঙচুর চালান। এ সময় হামলাকারীরা তাঁকে পিটিয়ে হত্যা করেন।
নাসিরনগর থানার উপপরিদর্শক (এসআই) মনীন্দ্র নাথ জানান, পুলিশ মিয়ার শরীরে আঘাতের একাধিক চিহ্ন আছে। তাঁকে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
লিয়াকত আলী জানান, তাঁর ইটভাটায় শ্রমিক দেওয়ার কথা বলে আকসির মিয়া চার লাখ টাকা নিয়ে কোনো শ্রমিক দেননি। বিষয়টি নিয়ে একাধিকবার সালিস হলেও তিনি টাকা ও শ্রমিক কোনটাই দেননি। পুলিশ মিয়ার মারা যাওয়ার খবর তিনি শুনেছেন বলে জানান।
আকসির মিয়ার মুঠোফোন বন্ধ থাকায় তাঁর সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। নাসিরনগর থানার ওসি আবদুল কাদের জানান, হবিগঞ্জের ইটভাটার মালিকের সঙ্গে টাকা লেনদেনের ঘটনায় পুলিশ মিয়া গ্রামের সালিসে সাক্ষ্য দিয়েছিলেন। এর জের ধরেই তাঁকে খুন করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় পুলিশ মিয়ার পরিবারের পক্ষ থেকে মামলা করা হবে।