সাখাওয়াত ও শামসুদ্দিন কারাগারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একাত্তরে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে গ্রেপ্তার জামায়াতে ইসলামীর নেতা সাখাওয়াত হোসেন ও এ টি এম শামসুদ্দিন আহমেদকে কারাগারে পাঠিয়েছেন ট্রাইব্যুনাল। আজ রোববার বিচারপতি এম ইনায়েতুর রহিমের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ আদেশ দেন।

আজ দুপুরে প্রথমে সাখাওয়াত হোসেন ও পরে শামসুদ্দিনকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। শুনানির পর ট্রাইব্যুনাল তাঁদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

গতকাল শনিবার সন্ধ্যায় রাজধানীর উত্তরখান এলাকা থেকে যশোরের সাবেক সাংসদ সাখাওয়াত হোসেনকে গ্রেপ্তার করে পুলিশ।

১৯৯১ সালে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে সাখাওয়াত হোসেন যশোর-৬ আসন থেকে নির্বাচিত হন। তবে পরে দল বদল করে তিনি বিএনপিতে যোগ দেন। ১৯৯৬ সালের নির্বাচনে তিনি হেরে যান। এরপর জাতীয় পার্টিতে যোগ দেন। তিনি জাতীয় পার্টির উপদেষ্টা পরিষদের সদস্য ছিলেন।

গত বৃহস্পতিবার রাতে ভৈরব-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কের ময়মনসিংহ চৌরাস্তা এলাকা থেকে শামসুদ্দিন ওরফে শামসুকে গ্রেপ্তার করে কিশোরগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশ।

জেলা পুলিশ সুপারের কার্যালয় সূত্রে জানা গেছে, জেলার করিমগঞ্জ উপজেলার মধ্যপাড়া গ্রামের আবদুর রাজ্জাক মুন্সির ছেলে শামসুদ্দিন (৬০)। তাঁর ও তাঁর বড় ভাই মো. নাসিরউদ্দিনের (৬২) বিরুদ্ধে একাত্তরে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে তদন্ত প্রতিবেদন গত বুধবার তদন্ত সংস্থা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে রাষ্ট্রপক্ষের প্রধান কৌঁসুলির কার্যালয়ে জমা দিয়েছে।

আরও জানতে পড়ুন: