
চুরির অভিযোগে লাঠি দিয়ে বেধড়ক পেটানোর একপর্যায়ে কিশোর সাগর (১৬) নেতিয়ে পড়লেও নির্যাতনকারীরা থামেননি। মারধর চলতে থাকে। একসময় নিথর হয়ে পড়ে সে। ময়মনসিংহের গৌরীপুরের চর শ্রীরামপুর গ্রামে গত সোমবার সাগরকে নির্মম নির্যাতনে হত্যার এমন বর্ণনা পাওয়া গেছে কয়েকজন প্রত্যক্ষদর্শীর কথা ও ঘটনার ভিডিও চিত্রে।
ওই হত্যার ঘটনায় করা মামলার মূল আসামিদের কাউকে গতকাল বুধবার সন্ধ্যা পর্যন্ত গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। গতকাল বস্তিবাসীর সহায়তায় টাকা তুলে অ্যাম্বুলেন্স ভাড়া করে মর্গ থেকে সাগরের লাশ নিয়ে দাফন করেছে তার পরিবার।
গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার আহমেদ বলেন, আসামিদের ধরতে ব্যাপক অভিযান চলছে। আর পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম বলেন, ওই মামলা গতকাল সকালে গোয়েন্দা পুলিশের (ডিবি) কাছে হস্তান্তর করা হয়েছে। আসামিদের গ্রেপ্তারে ডিবি অভিযান চালাচ্ছে।
সাগরকে নির্যাতন করে মেরে ফেলার ঘটনায় আক্কাস আলী, তাঁর ভাই হাসু মিয়া, ছাত্তার, জুয়েল, সোহেল ও শ্রমিক কাইয়ুমের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও পাঁচ-ছয়জনকে আসামি করে গত মঙ্গলবার মামলা করেন তার বাবা। পুলিশ ওই দিন রাতে রিয়াজ উদ্দিন নামের একজনকে গ্রেপ্তার করে। নির্যাতনের ভিডিও চিত্রে রিয়াজকে সাগরের চুলের মুঠি ধরে থাকতে দেখা গেছে।
গতকাল চর শ্রীরামপুর গ্রামে গেলে একাধিক প্রত্যক্ষদর্শী বলেন, সোমবার ভোরে সাগরকে পানি তোলার মোটর চুরির অভিযোগে গাউছিয়া হ্যাচারির মালিক আক্কাস আলী প্রথমে খুঁটির সঙ্গে বাঁধেন। পরে বাঁশ দিয়ে পায়ে ও কাঁধে মারতে থাকেন। একপর্যায়ে হ্যাচারির কর্মী কাইয়ুমকে মারতে বলে আক্কাস পাশে দাঁড়িয়ে থাকেন। লাঠি দিয়ে এই মারধরের কিছুক্ষণের মধ্যে স্থানীয় ৮-১০ জন নারী ও কিছু শিশু সেখানে আসে।
প্রত্যক্ষদর্শী এক নারী বলেন, ‘মারধর দেখে আমাদের চোখে পানি আসে। কাইয়ুমকে বলি আর মাইরো না; মইরা যাইব। এ কথা শুনে আক্কাস সবাইকে ধমক দিয়ে বলেন, মরলে মরব; তোমাদের কী? আমার অনেক টাকা। মরলে পুলিশ কিইন্যা ফেলব।’ এই নারী বলেন, ‘মারধরের সময় সাগর আকুতি করছিল, আমি চুরি করি নাই। আমারে ছাইড়া দেন। আমারে একটু পানি খাইতে দেন। সাগরকে পানি দেওয়া হয় নাই।’
নাম প্রকাশ না করার শর্তে এক প্রত্যক্ষদর্শী বলেন, ‘ভয়ে আমি কিছু বলতে পারি নাই। প্রায় এক ঘণ্টা ধরে সাগরের ওপর নির্যাতন চালানো হয়।’

গাউছিয়া হ্যাচারির কাছে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের পাশে গাজীপুর বাসস্ট্যান্ডে গিয়ে কথা হয় কয়েকজন স্থানীয় বাসিন্দার সঙ্গে। তাঁরা বলেন, মাস দুই আগে আক্কাস মাছ ধরার জাল নিয়ে দ্বন্দ্বের জের ধরে এক শিশুকে প্রকাশ্যে হ্যাচারিতে মারধর করেন।
ময়মনসিংহ শহরের নাটকঘর লেন বস্তিতে সাগরের বাবা-মা থাকেন। সকালে সেখানে গেলে তাঁদের ঘরে ছিল আহাজারি। সাগরের মা হাসিনা খাতুন কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘আমরা গরিব মানুষ। তবু কোনো দিন আমরা কেউ চুরি করি না। আমার ছেলে চুরি করতে পারে না। আমার ছেলেকে অপবাদ দিয়ে নির্যাতন করে যারা মেরেছে, আমি তাদের বিচার চাই।’
ময়মনসিংহ রেলস্টেশন থেকে কয়েক শ মিটার দূরে রেললাইনের দুপাশে পলিথিনের ছাউনি দেওয়া ১৫ থেকে ২০টি ঘর নিয়ে ছোট এই বস্তি। এর একটা ঘরেই সাগরের পরিবারের বসবাস প্রায় ২০ বছর ধরে। সাগর পরিত্যক্ত জিনিস কুড়িয়ে বিক্রি করত। তার বাবা শিপন মিয়া প্রসাধনসামগ্রী ফেরি করেন। বড় ভাই আলমগীর ঢাকায় ফেরি করে খাবার বিক্রি করেন। তাঁদের উপার্জনে কোনো রকমে সংসার চলে। সাগরের চার বছর বয়সী ছোট ভাই অনিক ও বড় এক বোন আছে।
সাগরের মা বলেন, মাছ না থাকায় গত রোববার রাতে সাগর অভিমান করে না খেয়েই শুয়ে পড়ে। ভোরেই রিকশাভ্যান নিয়ে পরিত্যক্ত জিনিস কুড়াতে বের হয়। এরপর চর শ্রীরামপুর গ্রামের গাউছিয়া হ্যাচারিতে নির্যাতনের শিকার হয়ে মারা যায়। তিনি বলেন, সাগরের বাবা থানা আর হাসপাতালে দৌড়াতে দৌড়াতে ক্লান্ত। মঙ্গলবার সারা রাত তিনি মর্গের সামনে ছিলেন। গতকাল সকালেও ফেরেননি।
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গ থেকে সাগরের লাশ অ্যাম্বুলেন্সে করে বস্তিতে নেওয়ার জন্য ১ হাজার টাকা জোগাড় করতে হিমশিম খান সাগরের মা। সহায়তা নেন অন্য বস্তিবাসীর। গতকাল দুপুরে টাকা তুলে লাশ আনা হয়। বিকেলে জানাজা শেষে দাফন করা হয় শহরের ভাটিকাশর কবরস্থানে।
ময়মনসিংহে র্যাব-১৪-এর কর্তৃপক্ষ বলেছে, ঘটনা তদন্ত ও আসামিদের গ্রেপ্তারে কাজ করছে র্যাব।