সাগর-রুনি হত্যা মামলায় অভিযোগপত্র দেয়নি র্যাব
সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যা মামলায় আজ রোববারও অভিযোগপত্র দাখিল করেনি র্যাব। আগামী ৭ এপ্রিল অভিযোগপত্র দাখিলের নতুন তারিখ ধার্য করেছেন আদালত।
আজ রোববার এ মামলায় অভিযোগপত্র দাখিলের জন্য দিন ধার্য ছিল। তবে মামলার তদন্ত সংস্থা র্যাব কোনো প্রতিবেদন দাখিল না করায় ঢাকা মহানগর হাকিম ইউনুস খান এ তারিখ ধার্য করেন।
২০১২ সালের ১১ ফেব্রুয়ারি মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সরওয়ার ও এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক মেহেরুন রুনি দম্পতি রাজধানীর পশ্চিম রাজাবাজারের বাসায় খুন হন। সাগর-রুনি খুনের পর রুনির ভাই নওশের আলম রোমান শেরেবাংলা নগর থানায় একটি হত্যা মামলা করেন।
প্রথমে মামলাটি তদন্ত করে থানা-পুলিশ। চার দিন পর চাঞ্চল্যকর এ হত্যা মামলার তদন্ত ভার ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কাছে হস্তান্তর করা হয়। দুই মাসেরও বেশি সময় তদন্ত করে ডিবি রহস্য উদ্ঘাটনে ব্যর্থ হয়। পরে হাইকোর্টের নির্দেশে ওই বছরের ১৮ এপ্রিল হত্যা মামলাটির তদন্ত ভার র্যাবের কাছে হস্তান্তর করা হয়।