সাগরপথে কড়া নজরদারিতে আকাশপথে মানব পাচার!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাগরপথে কঠোর নজরদারির কারণে দালালরা মানব পাচারের জন্য আকাশপথকে ব্যবহার করছেন বলে অভিযোগ উঠেছে। অবৈধভাবে লিবিয়ায় যাওয়ার সময় চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গত দেড় বছরে ৫০ জনকে উদ্ধার করা হয়েছে। সর্বশেষ গত বুধবার এই বিমানবন্দর থেকে ৩৯ জনকে উদ্ধার করে র‌্যাব। আকাশপথে চট্টগ্রাম-দুবাই-তুরস্ক হয়ে লিবিয়ায় যেতে চেয়েছিলেন তাঁরা। ৩৯ জনকে জিজ্ঞাসাবাদ করে মানব পাচারে জড়িত থাকার অভিযোগে ৩০ জন দালালের একটি তালিকা করেছে র‌্যাব। তবে তাঁদের কাউকে গ্রেপ্তার করা যায়নি।
উদ্ধার করা ৩৯ জনের মধ্যে একজন সিলেটের বিয়ানীবাজারের ফাহিম আহম্মেদ। গত বৃহস্পতিবার বিকেলে পতেঙ্গায় র‌্যাব-৭ কার‌্যালয়ে তিনি প্রথম আলোকে বলেন, ঢাকায় হোটেলে তাঁর সঙ্গে ছিলেন এমন ৩০ জন দালালের মাধ্যমে উড়োজাহাজে করে দেশ ছেড়েছেন। র‌্যাব ধরে ফেলায় তাঁরা ৩৯ জন যেতে পারেননি। একই তথ্য জানান উদ্ধার হওয়া সিলেটের বিশ্বনাথের হোসাইন আহমেদ, সুনামগঞ্জের ছাতকের মোহাম্মদ লিটনসহ অন্তত ২০ জন। তাঁরা জানিয়েছেন, চট্টগ্রাম বিমানবন্দর দিয়ে লিবিয়া ও ইতালি যাওয়া লোকজন তাঁদের স্বজনদের সঙ্গে মুঠোফোনে কথাও বলেছেন।
র‌্যাব-৭ চট্টগ্রামের অধিনায়ক লে. কর্নেল মিফতাহ উদ্দিন আহম্মেদ প্রথম আলোকে বলেন, গত বুধবার দুটি ফ্লাইটে করে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মোট ১৪০ জন দুবাই হয়ে অবৈধভাবে লিবিয়া ও ইতালি যাবেন বলে তথ্য ছিল তাঁদের কাছে। সেদিন সকাল ১০টার ফ্লাইটে ২১ জন চলে যান। তাঁদের ধরা যায়নি। একই ফ্লাইটে যাওয়ার কথা থাকলেও ১৯ জনকে আটক করা সম্ভব হয়। দুপুর ১২টার ফ্লাইটে দুবাই যাওয়ার চেষ্টা করা ২০ জনকে বিমানবন্দরের পার্কিং এলাকা থেকে উদ্ধার করা হয়। বাকিরা র‌্যাবের অভিযান টের পেয়ে বিমানবন্দরে ঢোকেননি। তাঁদের রুট ছিল চট্টগ্রাম-দুবাই-তুরস্ক-লিবিয়া।
সাগরপথে কড়াকড়ির কারণে আকাশপথকে মানব পাচারকারীরা ব্যবহার করছেন বলে দাবি করেন র‌্যাবের অধিনায়ক মিফতাহ উদ্দিন আহাম্মদ। তিনি বলেন, পাচারকারী চক্রের সঙ্গে জড়িত সবাইকে পর‌্যায়ক্রমে ধরা হবে।
চট্টগ্রাম জেলা কর্মসংস্থান ও জনশক্তি কার‌্যালয়ের সহকারী পরিচালক জহিরুল আলম মজুমদার বলেন, ভ্রমণ ভিসায় পাচারকারীরা আকাশপথে কাউকে পাঠালে জনশক্তি কার‌্যালয়ের কিছু করার থাকে না। এ ক্ষেত্রে বিমানবন্দরের অভিবাসন শাখাকে সতর্ক হওয়া উচিত। ভ্রমণ ছাড়া কেউ কাজের জন্য বিদেশে গেলে জনশক্তি কার‌্যালয় ভিসা যাচাই-বাছাই করে থাকে। এ ছাড়া লিবিয়ায় যাওয়ার বিষয়ে সরকারি নিষেধাজ্ঞা রয়েছে।
জানতে চাইলে চট্টগ্রাম নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (অভিবাসন) আরেফিন জুয়েল বলেন, অভিবাসন পুলিশ সতর্কতার সঙ্গে প্রত্যেকের কাগজপত্র, নাম-ঠিকানা যাচাই-বাছাই করে থাকে। অবৈধভাবে কারও যাওয়ার সুযোগ নেই।
গত বছরের ১২ মে জাল ভিসায় লিবিয়া যাওয়ার সময় চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ১১ জনকে আটক করে অভিবাসন পুলিশ। এর আগের দিন রাতে নগরের হালিশহর বড়পোল এলাকায় অভিযান চালিয়ে আলী আকবর, বাহার উদ্দিন ও শাহ বায়েজীদ নামের তিন মানব পাচারকারীকে গ্রেপ্তার করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) চট্টগ্রামের একটি দল। তাঁদের কাছ থেকে ৩৩টি পাসপোর্ট, ১৭টি লিবিয়ার জাল ভিসা ও একটি মিসরের ভিসা উদ্ধার করা হয়।
সিআইডি চট্টগ্রাম অঞ্চলের অতিরিক্ত পুলিশ সুপার মো. কুতুব উদ্দিন গতকাল বলেন, গ্রেপ্তার হওয়া তিন আসামি স্বীকার করেন তাঁরা শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে ২০১৫ সালের এপ্রিল থেকে প্রায় ৫০০ লোককে দুবাই হয়ে লিবিয়া পাঠায়। মানব পাচার আইনে তিনজনের বিরুদ্ধে করা মামলার তদন্তও শেষ করেছে সিআইডি।
যাঁদের খুঁজছে র‌্যাব-পুলিশ: লিবিয়ায় পাচারের সময় গত বুধবার চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৩৯ জনকে উদ্ধার করে র‌্যাব-৭। তাঁদের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে র‌্যাব ৩০ জন মানব পাচারকারী দালালের তালিকা তৈরি করে। তাঁরা হলেন সিলেটের মো. লিলু, মো. আজাদ, মো. কামাল, মো. মামুন, বতুল মেম্বার, আজিজুল হক ও মো. শাহিন, মৌলভীবাজারের তফুর আলী, সুনামগঞ্জের মো. রুমেন, মাদারীপুরের আল আমিন মাতব্বর ও মো. সিরাজ, শরীয়তপুরের মো. তুহিন, মো. আলমগীর, মো. খোকা ও দ্বীন ইসলাম, ঢাকার পল্টনের রাজীব, মো. হারুন, এসডি রহমান ও মো. স্বপন, বরিশালের কুদ্দুস সরদার। এ ছাড়া মো. সাদিক, মো. মোজাম্মেল, মো. কাদের, মো. ফারুক, আদনান আনসারি, মো. নাছির, মো. শাজিন, মো. ইউসুফ, মো. সাইদুর ও মতিউর রহমানের নাম রয়েছে। কিন্তু তাঁদের কোনো ঠিকানা নেই র‌্যাবের দেওয়া তালিকায়।
পতেঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর বলেন, গত বুধবার বিমানবন্দর থেকে র‌্যাব ৩৯ জনকে উদ্ধারের ঘটনায় মানব পাচার আইনে থানায় দুটি মামলা করেছে র‌্যাব। দুই মামলায় শুধু নাম উল্লেখ করে ৩২ জনকে আসামি করা হয়েছে। তাঁদের মধ্যে ৩০ জন দালাল এবং দুজন ট্রাভেল এজেন্সির মালিক। গতকাল শুক্রবার বিকেলে ভুক্তভোগী ৩৯ জনকে আদালতে আনা হয়। এর মধ্যে ১৭ জন ঘটনার বর্ণনা দিয়ে আদালতে জবানবন্দি দেন। সন্ধ্যায় সবাইকে ছেড়ে দেওয়ার নির্দেশ দেন আদালত।