সাগরপথে মানবপাচার বন্ধে দরকার সমন্বিত উদ্যোগ
বাংলাদেশ থেকে সাগরপথে মানবপাচার ভয়াবহ আকার ধারণ করেছে। এটি বন্ধ করতে এখনই উদ্যোগ নিতে হবে। সরকার, আইন প্রয়োগকারী সংস্থা, দেশি-বিদেশি সংস্থাসহ সবাই মিলে সমন্বিতভাবে কাজ করলে এটি করা সম্ভব।
‘বাংলাদেশের দক্ষিণ-পূর্ব অঞ্চল দিয়ে মানবপাচার ও চোরাচালন’ শীর্ষক মতবিনিময় সভায় বক্তারা এ কথা বলেছেন। আন্তর্জাতিক অভিবাসী সংস্থা ও জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থা (ইউএনএইচসিআর) আজ মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে এই সভার আয়োজন করে।
অনুষ্ঠানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মোজাম্মেল হক খান বলেন, ‘মানবপাচার কিংবা অবৈধ অভিবাসন পুরো অভিবাসনপ্রক্রিয়াকে ক্ষতিগ্রস্ত করে। যারা সাগরপথে এভাবে লোক পাচার করছে, তারা সংঘবদ্ধ। এটি বন্ধ করতে হলে আমাদের সমন্বিতভাবে কাজ করতে হবে।’
পররাষ্ট্রসচিব শহিদুল হক বলেন, ‘এভাবে পাচার বন্ধ করতে হলে রাজনৈতিক ইচ্ছা জরুরি। সরকারের সেই ইচ্ছা আছে।’
আইওএমএর বাংলাদেশপ্রধান শরত দাস অবৈধভাবে বিদেশে যাওয়া বন্ধে সরকারি ও বেসরকারি সংস্থাগুলোকে একসঙ্গে কাজ করার পরামর্শ দেন। ইউএনএইচসিআরের বাংলাদেশ প্রধান স্টিনা লুংডেল বলেন, সাগরপথে যাওয়ার পথে অনেক মানুষ মারা যাচ্ছে। নির্যাতিত হচ্ছে অনেকে।
কর্মশালায় আরও বক্তব্য দেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্তি সচিব কামালউদ্দিন, পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) সহকারী মহাপরিদর্শক শাহ আলম ও বেসরকারি সংস্থা ইনসিডিনের নির্বাহী পরিচালক মাসুদ আলী। সভায় সরকারি কর্মকর্তা, পুলিশ, কোস্ট গার্ড, বেসরকারি সংস্থার প্রতিনিধি, সাংবাদিকসহ সবাই মিলে মানবপাচার রোধে একটি কৌশলপত্র প্রণয়ন করেন। তাতে পাচার প্রতিরোধ, ক্ষতিগ্রস্ত লোকজনের সুরক্ষা, আইনগত ব্যবস্থা ও সবার সহযোগিতামূলক সম্পর্কের বিষয়গুলো তুলে ধরেন।