সাগরপথে মালয়েশিয়া যাওয়ার চেষ্টা, আটক ৪১
সাগরপথে মালয়েশিয়া যাওয়ার পথে চট্টগ্রামের কর্ণফুলী নদী থেকে মাঝি-মাল্লাসহ ৪১ জনকে আটক করেছে কোস্টগার্ড। গত মঙ্গলবার রাতে ইঞ্জিনচালিত কাঠের নৌকা থেকে এদেরকে আটক করা হয়।
আটক করা ব্যক্তিদের মধ্যে ৩৬ জন যাত্রী এবং পাঁচজন মাঝি-মাল্লা। মাঝি-মাল্লাদের স্বীকারোক্তি অনুযায়ী নগরের চাক্তাই এলাকা থেকে গতকাল বুধবার ভোররাতে পাচারকারী সন্দেহে মো. কবির হোসেন নামে একজনকে আটক করা হয়।
গতকাল বুধবার কোস্টগার্ড কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান লে. কমান্ডার এম দুরুল হুদা। এ সময় কোস্টগার্ডের চিফ স্টাফ অফিসার বজলুল রশীদসহ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে কোস্টগার্ডের কর্মকর্তারা জানান, কর্ণফুলী নদী থেকে যাত্রীদের নিয়ে সাগরে বড় জাহাজে তুলে দেওয়ার পরিকল্পনা ছিল পাচারকারীদের। এভাবে উপকূলীয় এলাকায় বিভিন্ন স্থান থেকে নৌকা বা ট্রলারে যাত্রীদের নিয়ে বড় জাহাজে তুলে পাচার হয় বলে কোস্টগার্ডের কর্মকর্তারা জানান।
উদ্ধার হওয়া যাত্রীদের মধ্যে মাগুরা, যশোর ও টাঙ্গাইলের সাতজন করে, মাদারীপুরের ছয়জন, নরসিংদীর পাঁচজন, বগুড়ার দুজন এবং লক্ষ্মীপুর ও সাতক্ষীরার একজন করে যাত্রী রয়েছেন।
আটক টাঙ্গাইলের নুর আলম প্রথম আলোকে বলেন, জহুর নামে এক দালালের মাধ্যমে টাঙ্গাইল থেকে তাঁরা ছয়জন সাগরপথে মালয়েশিয়া যাওয়ার জন্য রওনা হন। জহুর তাঁদের চট্টগ্রামে পৌঁছে দিয়ে চলে যান। মালয়েশিয়া যাওয়ার পর জহুরের হাতে দুই লাখ ২০ হাজার টাকা তুলে দেওয়ার কথা ছিল বলে তিনি জানান।
মাগুরার নুরুল আমিন (২২) প্রথম আলোকে জানান, তিনি গ্রামে কৃষিকাজ করতেন। তবে তাঁর গ্রামের অন্তত ৫০ জন সাগরপথে মালয়েশিয়া গেছেন। মালয়েশিয়ায় থাকা তাঁদের এলাকার আলম নামের এক লোকের ব্যবস্থাপনায় তাঁরা সাতজন এ পথে পা দিয়েছেন।
কোস্টগার্ডের কর্মকর্তারা জানান, পাচারের সময় মাঝি-মাল্লাদের সঙ্গে যোগাযোগ রাখছিলেন কবির হোসেন। মাঝি-মাল্লাদের সঙ্গে কবির হোসেনের মুঠোফোনে যোগাযোগ করার তথ্যপ্রমাণ পাওয়া গেছে বলে তারা জানান।
তবে কবির হোসেন দাবি করেন, মালয়েশিয়ায় পাচারের ঘটনায় তিনি দায়ী নন। তার নৌকা স্থানীয় ইউসুফ সওদাগর নামে এ ব্যক্তির কাছে ভাড়া দিয়েছেন।
তবে মাঝিদের কাছে ফোন করে তিনি নৌকার ইঞ্জিন ঠিক আছে কি না তা জানতে চেয়েছিলেন বলে স্বীকার করেন।
কোস্টগার্ড জানায়, আটক যাত্রী ও মাঝি-মাল্লাদের পতেঙ্গা ও কোতোয়ালি থানায় হস্তান্তর প্রক্রিয়া চলছে। এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।