সাগরে উদ্ধার বাংলাদেশিদের এক মাসের মধ্যে ফেরানোর ব্যবস্থা: পররাষ্ট্রমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অবৈধভাবে মালয়েশিয়ার যাওয়ার পথে উদ্ধার হওয়া বাংলাদেশিদের এক মাসের মধ্যে ফিরিয়ে আনার ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। আজ মঙ্গলবার জাতীয় সংসদে এক প্রশ্নের জবাবে মন্ত্রী এ তথ্য জানান। 

এ সম্পর্কে জাতীয় পার্টির নুর-ই-হাসনা লিলি চৌধুরীর প্রশ্নের জবাবে আবুল হাসান মাহমুদ আলী বলেন, সম্প্রতি ভারত মহাসাগরীয় এলাকায় মানব পাচারের ঘটনা উদ্বেগজনক হারে বেড়েছে। মালয়েশিয়ার সাগর থেকে ৭৩৮ জন বাংলাদেশিকে উদ্ধার করা হয়েছে। অবৈধভাবে বিদেশ যাওয়ার সময় আটকে পড়া বাংলাদেশিদের ফিরিতে আনতে সরকার কাজ করে যাচ্ছে। আগামী এক মাসের মধ্যে তাদের দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা নেওয়া হবে।
প্রশ্নোত্তর পর্বের আগে বিকেল সাড়ে পাঁচটার দিকে স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদের অধিবেশন শুরু হয়। প্রশ্নোত্তর টেবিলে উত্থাপিত হয়।
মো. আবদুল্লাহর প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, বিশ্বের বিভিন্ন দেশের কারাগারে বাংলাদেশের প্রায় সাত হাজার নাগরিক আটক আছেন।
সানজিদা খানমের প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, রোহিঙ্গারা বহুকাল আগে থেকেই বাংলাদেশের পাসপোর্ট ব্যবহার করে মধ্যপ্রাচ্যে গিয়ে চাকরি করছে। তারা সাধারণত বাংলা বলতে ও পড়তে পারে না। বাঙালিরা মাঝেমধ্যে দেশে বেড়াতে আসেন। রোহিঙ্গারা আসে না। এ পরিস্থিতিতে পরিচয় গোপন করা রোহিঙ্গারা দূতাবাসে গিয়ে পাসপোর্ট নবায়ন করতে চাইলে বিস্তারিত পরীক্ষা-নিরীক্ষা করে পাসপোর্ট বাতিলের নির্দেশনা দেওয়া আছে।

৫০ হাজার পুলিশ নিয়োগের সিদ্ধান্ত
মুহিবুর রহমান মানিকের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খাঁন জানান, মানব পাচার প্রতিরোধে জাতীয় কর্মপরিকল্পনা ২০১৫-১৭ এর খসড়া প্রণয়ন করা হয়েছে। এটি অচিরেই প্রকাশ করা হবে। মানব পাচারকারীদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে।
মমতাজ বেগমের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী জানান, দেশের জনসংখ্যার অনুপাতে পুলিশের সদস্য সংখ্যা অপ্রতুল। তাই এ বাহিনীতে আরও ৫০ হাজার জনবল বৃদ্ধির নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
নুরুন্নবী চৌধুরীর প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, টেকনাফ উপকূল দিয়ে মানব পাচারের বিষয়টি কোস্টগার্ডের নজরে আসে ২০১১ সালে। তারপর থেকে এখন পর্যন্ত কোস্টগার্ড অবৈধভাবে সাগর পথে বিদেশ যাওয়ার সময় এক হাজার ৭৩৬ জনকে আটক করেছে। মানব পাচারের সঙ্গে জড়িত হোতাদের চিহ্নিত করার চেষ্টা চলছে।